এক লাফে অনেকটাই বাড়ল ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ! সোনায় সোহাগা বৃদ্ধিতে বড় স্বস্তি অর্থনীতিতে

দেশের অর্থনৈতিক পরিস্থিতির জন্য অত্যন্ত ইতিবাচক ও স্বস্তির খবর নিয়ে এল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের বড় ধরণের বৃদ্ধি দেখা গেছে। গত ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২.৪৯ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।
কোথায় দাঁড়াল মোট বৈদেশিক মুদ্রার পরিমাণ? আরবিআই-এর পরিসংখ্যান অনুযায়ী, এই ২.৪৯ বিলিয়ন ডলার বৃদ্ধির ফলে ভারতের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ গিয়ে দাঁড়িয়েছে ৭১৯.৫৪৭ বিলিয়ন ডলারে। এর আগের সপ্তাহে অবশ্য সামান্য ধাক্কা খেয়ে ফরেক্স রিজার্ভ ২.৬৯১ বিলিয়ন ডলার হ্রাস পেয়ে ৭১৭.০৫৬ বিলিয়ন ডলারে নেমেছিল। তবে সেই ধাক্কা কাটিয়ে ফের ঘুরে দাঁড়াল দেশের অর্থনীতি। আর এই রিজার্ভ বৃদ্ধির সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে দেশের স্বর্ণের রিজার্ভের ব্যাপক বৃদ্ধি।
সোনার ভাণ্ডারে বড় লাফ ও বৈদেশিক সম্পদের চিত্র রিজার্ভ ব্যাঙ্কের তথ্য বলছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের সবচেয়ে বড় অংশ অর্থাৎ বৈদেশিক মুদ্রার সম্পদ (Foreign Currency Assets) এই সপ্তাহে ২৩২ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৫৯১.৩৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। উল্লেখ্য, এই সম্পদের মূল্যের মধ্যে ইউরো, ব্রিটিশ পাউন্ড এবং জাপানি ইয়েনের মতো প্রধান বিদেশি মুদ্রাগুলির ওঠানামাও অন্তর্ভুক্ত থাকে।
অন্যদিকে, এই সপ্তাহে সবচেয়ে বড় চমক এসেছে স্বর্ণের রিজার্ভ থেকে। ভারতের স্বর্ণের ভাণ্ডার এক লাফে ২.২০৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ১০৪.৭৯৬ বিলিয়ন ডলারে ঠেকেছে। পাশাপাশি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) থেকে প্রাপ্ত স্পেশাল ড্রয়িং রাইটস বা SDR ৫২ মিলিয়ন ডলার বেড়ে ১৮.৬১০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একইসঙ্গে আইএমএফ-এর কাছে ভারতের রিজার্ভের পরিমাণও ১ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৪.৭৯১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। সব মিলিয়ে এই রিপোর্ট দেশের আর্থিক শক্তিকে আরও দৃঢ় করে তুলল বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।