রসগোল্লা ভেবে কামড় দিতেই যুবকের মুখে ভয়াবহ বিস্ফোরণ! মিষ্টির আড়ালে এ কী ষড়যন্ত্র?

মিষ্টির লোভ দেখিয়ে জীবন কেড়ে নেওয়ার এমন নৃশংস ঘটনা সত্যি বিরল। প্রতিবেশীর দেওয়া একটি রসগোল্লা মুখে দিতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৩৫ বছরের এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলার পাদারিয়া ছান্তা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম রাজেন্দ্র বারৌতিয়া। গত মঙ্গলবার রাত আটটা নাগাদ নিজের বাড়ির উঠানে পরিবারের সদস্যদের সঙ্গে আগুন পোহাচ্ছিলেন তিনি। সেই সময় একই এলাকার বাসিন্দা রামভগত বারৌতিয়া সেখানে আসেন। দুজনে একসঙ্গে বসে কথাবার্তা বলছিলেন। অভিযোগ, সেই কথাবার্তার মাঝেই রাজেন্দ্রর হাতে একটি মিষ্টি তুলে দেন রামভগত। সেটিকে রসগোল্লা বলে খেতে বলেন তিনি।
বিন্দুমাত্র সন্দেহ না করে রাজেন্দ্র সেই মিষ্টিতে কামড় দেন। আর তারপরেই ঘটে যায় ভয়াবহ কাণ্ড। বিকট শব্দে ফেটে যায় মিষ্টির ভেতরে লুকিয়ে থাকা বোমা। বিস্ফোরণের জেরে রাজেন্দ্রর মুখ ও চোয়ালে মারাত্মক জখম হয়। মুহূর্তের মধ্যে রক্তে ভেসে যায় চারপাশ।
পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে একটি অটোয় করে ডিন্ডোরি জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে হাসপাতালের বিছানাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজেন্দ্র। মিষ্টির মতো একটি সাধারণ খাবারের আড়ালে কীভাবে বোমা লুকিয়ে রাখা হলো এবং তার নেপথ্যে ঠিক কী উদ্দেশ্য ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেশীর এমন নৃশংস আচরণে হতবাক ও আতঙ্কিত গোটা এলাকার মানুষ।