বিশেষ অধিবেশন ডেকে ডিলিটমেশন বিল পাসের ছক? ‘আমাদের কিচ্ছু জানানো হয়নি!’ বিস্ফোরক দাবি প্রিয়াঙ্কার

ডিলিমিটেশন বিল বা লোকসভার আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে কি ফের কোনো বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা করছে কেন্দ্র? এই জল্পনার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। কেরলের ওয়েনাডে চারদিনের সফরে গিয়ে শুক্রবার তিনি সাফ জানিয়ে দেন, এই বিষয়ে বিরোধী দলগুলিকে কেন্দ্রের তরফ থেকে ঘুণাক্ষরেও কিছু জানানো হয়নি।

ডিলিমিটেশন বিল ও বিশেষ অধিবেশনের জল্পনা

গত এপ্রিলে ডিলিমিটেশন বিল পাশ করানোর জন্য তিনদিনের বিশেষ অধিবেশন ডাকা হলেও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অভাবে তা কার্যকর করা সম্ভব হয়নি। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এনডিএ-র শক্তি বৃদ্ধি পাওয়া এবং বাদল অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি থাকায় রাজনৈতিক মহলে নতুন করে বিশেষ অধিবেশন ডাকার গুঞ্জন শুরু হয়েছে। এমনকি এই বিল নিয়ে সমর্থন চেয়ে কংগ্রেস নেতৃত্বকে চিঠি দেওয়ার কথাও শোনা গিয়েছিল। তবে এই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে প্রিয়াঙ্কা জানান, এ বিষয়ে তাঁদের কাছে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। প্রিয়াঙ্কার কথায়, “তারা আমাদের বাকিদের কিছু জানায়নি। তাই, তারা যদি এমন কোনো পরিকল্পনা করে থাকে, তবে তা আমাদের জানা নেই।”

বিজেপির বিরুদ্ধে কণ্ঠরোধের তীব্র অভিযোগ

এদিন কেন্দ্র সরকারকে আক্রমণ করে ওয়েনাডের সাংসদ অভিযোগ করেন, বিভিন্ন ইস্যুতে বিরোধীদের মতামত প্রকাশ করতে বাধা দেওয়া হচ্ছে এবং সুপরিকল্পিতভাবে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। দেশের সংবিধান ও এর অন্তর্নিহিত মূল্যবোধকে বাঁচিয়ে রাখতে তাঁরা লড়াই চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা। তাঁর অভিযোগ, বর্তমান শাসক দল দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে দেওয়ার চক্রান্ত করছে।