বিগ বস বাংলার ঘরে বড় বোমা! ক্যামেরার সামনেই নন্দিনীকে নিয়ে রাজবীরের মায়ের মুখে কুলুপ, তুঙ্গে জল্পনা

‘বিগ বস বাংলা’-র অন্দরে রাজবীর দে এবং নন্দিনী দত্তের মাখোমাখো রোম্যান্স, বন্ধুত্ব ও অনস্ক্রিন কেমিস্ট্রি শুরু থেকেই দর্শকমহলে বিরাট আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু টিভির পর্দার এই রসায়ন যে খোদ প্রতিযোগীর মায়ের মনে খুব একটা ইতিবাচক প্রভাব ফেলেনি, তা ফ্যামিলি উইকের সাম্প্রতিক এপিসোডে একেবারে স্পষ্ট হয়ে গেল। ঘরের অন্দরে মায়ের মুখোমুখি হতেই রাজবীর সরাসরি জানতে চান যে নন্দিনীকে তাঁর কেমন লেগেছে? আর ছেলের এই সোজাসাপ্টা প্রশ্নের পরেই যা ঘটল, তাতে স্তম্ভিত হয়ে গিয়েছেন রাজবীর-নন্দিনীর অগুনতি অনুরাগীরা।

রবিবারের আকর্ষণীয় পর্বে শিলিগুড়ি থেকে সোজা বিগ বসের ঘরে প্রবেশ করেন রাজবীরের মা। দরজায় মাকে দেখামাত্র আবেগ ধরে রাখতে পারেননি রাজবীর। ছুটে গিয়ে জড়িয়ে ধরেন মাকে। চোখে জল নিয়ে তিনি বলেন, “ভাবতেই পারিনি তুমি আসবে।” মায়ের সঙ্গে আসেন রাজবীরের ভাইও। একে একে সোনামণি সহ ঘরের অন্য প্রতিযোগীদের সঙ্গেও হাসিমুখে কথা বলেন তিনি। সোনামণি যখন নালিশ জানান যে রাজবীর তাঁকে খুব জ্বালাতন করেন, তখন মা মিষ্টি হেসে ছেলেকে বকে দেন এবং বাকি দিনগুলো মানিয়ে নেওয়ার অনুরোধ করেন।

কিন্তু এর পরেই সুযোগ বুঝে মাকে একা পেয়ে রাজবীর সরাসরি নন্দিনী প্রসঙ্গ তুলে বসেন। তিনি জানতে চান, ক্যামেরার সামনে গড়ে ওঠা এই সম্পর্ককে তাঁর মা ঠিক কীভাবে দেখছেন? ছেলের মুখ থেকে নন্দিনীর নাম বেরোতেই মুহূর্তের মধ্যে বদলে যায় মায়ের মুখের অভিব্যক্তি। মুখের চওড়া হাসি মুছে গিয়ে অত্যন্ত ঠান্ডা ও গম্ভীর গলায় মা সাফ জানিয়ে দেন, “এখন এসব নিয়ে কথা নয়। বাইরে আয়, তারপর… এখন তুই এই খেলায় ফোকাস কর। জেতার জন্যই তো এখানে আসা। আর কিচ্ছুটি ভাবিস না। যা হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে।”

মায়ের এই আকস্মিক ও স্পষ্ট প্রতিক্রিয়ায় ভড়কে যান রাজবীর। এখানেই শেষ নয়, নন্দিনী তাঁকে ফোন করে তাঁর আচরণের জন্য ক্ষমা চেয়েছিল বলেও জানান মা। কিন্তু রাজবীর যখন জেদ ধরে মাকে নিজের বিছানা দেখাতে নিয়ে যেতে চান, তখন মা ধমক দিয়ে ছেলেকে চুপ করিয়ে দেন। ঘরের অন্দরে এই দৃশ্য দেখে অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি রাজবীর-নন্দিনীর এই জুটি একেবারেই মেনে নিতে পারছেন না তাঁর পরিবার?

বিদায় নেওয়ার আগে রাজবীরকে ঠান্ডা মাথায় খেলা চালিয়ে যাওয়ার এবং অন্য কারও উপর ভরসা না করে নিজের যোগ্যতায় ট্রফি জেতার কড়া পরামর্শ দেন মা। পাশাপাশি, বোর্ডে নাম লেখা নিয়ে প্রতিযোগীদের কাছে ক্ষমা চাওয়ার কথাও বলেন তিনি। এদিকে গ্র্যান্ড ফাইনালের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে এই নাটকীয় মোড় গেমপ্ল্যানে কতটা প্রভাব ফেলবে, আর ঘরের বাইরে এই জুটির ভবিষ্যৎ কী হবে—এখন সেটাই দেখার।