সিঁড়ি দিয়ে ওঠার শক্তিও নেই! অসুস্থতার জেরে গাড়ি থেকেই ভার্চুয়ালে আত্মসমর্পণ, অবশেষে বড় স্বস্তি পেলেন পার্থ চট্টোপাধ্যায়

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে সশরীরে এজলাসে হাজিরা দিতে হয়নি; আদালতের বিশেষ অনুমতি নিয়ে গাড়ি থেকেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নিয়ে তিনি আত্মসমর্পণ করেন এবং জামিন লাভ করেন।

গাড়িতে বসেই ভার্চুয়াল শুনানি: তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করার জন্য প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর তা আদালতে জমা দেয় সিবিআই। এরপরই পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার আলিপুর আদালতে উপস্থিত হন তিনি।

তবে আদালতে পৌঁছানোর পরই শারীরিক জটিলতা দেখা দেয়। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী আদালতের কাছে তাঁর মক্কেলের শারীরিক অবস্থার কথা জানিয়ে মেডিক্যাল রিপোর্ট জমা দেন। তিনি আদালতকে জানান, পার্থবাবু গুরুতর অসুস্থ এবং তাঁর বেশ কিছু কোমরবিডিটি রয়েছে। তাছাড়া সংশ্লিষ্ট আদালত কক্ষটি দোতলায় অবস্থিত হওয়া সত্ত্বেও ভবনে কোনো লিফটের ব্যবস্থা না থাকায় সিঁড়ি বেয়ে ওপরে ওঠা তাঁর পক্ষে সম্পূর্ণ অসম্ভব।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিচারক একতলাতেই গাড়ির মধ্যে বসে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেওয়ার বিশেষ অনুমতি দেন। সেই নির্দেশমতো গাড়িতে বসেই ভার্চুয়ালের মাধ্যমে শুনানিতে যোগ দেন প্রাক্তন মন্ত্রী এবং আত্মসমর্পণের পর জামিনের আবেদন জানান। আদালত সমস্ত দিক খতিয়ে দেখে ৭,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে।

জামিনের ক্ষেত্রে যে কড়া শর্তগুলি আরোপ করা হয়েছে: ১. চিকিৎসা সংক্রান্ত জরুরি কারণ ছাড়া তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে যেতে পারবেন না এবং অবিলম্বে তাঁর পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে। আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি দেশের বাইরেও যেতে পারবেন না। ২. মামলার চার্জ গঠনের দিন পার্থ চট্টোপাধ্যায়কে আবশ্যিকভাবে আদালতে সশরীরে উপস্থিত থাকতে হবে। ৩. তদন্তকারী সংস্থার সঙ্গে তাঁকে সবরকমভাবে সহযোগিতা করতে হবে এবং প্রয়োজনে তদন্তকারী অফিসারের তলবে হাজিরা দিতে হবে। ৪. যে মামলায় তাঁকে জামিন দেওয়া হচ্ছে, ভবিষ্যতে সেই ধরনের বা অন্য কোনো অপরাধমূলক কাজের সঙ্গে তিনি যুক্ত থাকতে পারবেন না। ৫. মামলার কোনো সাক্ষীকে কোনোভাবেই ভয় দেখানো বা হুমকি দেওয়া যাবে না।

আইনি প্রক্রিয়া শেষে আইনজীবীর উপস্থিতিতেই এদিন তাঁর জামিনের নির্দেশ কার্যকর করা হয়।

Pratik Saha
  • Pratik Saha