২৮ বছরের তরুণ থেকে মহাকাব্যের ‘জটায়ু’! অনুপম খেরের ৪২ বছরের অবিশ্বাস্য রূপান্তর দেখে আবেগপ্রবণ মহেশ ভাট!

একটা ছবির হাত ধরেই বলিউডে রূপকথার মতো যাত্রা শুরু হয়েছিল তাঁর। আত্মপ্রকাশের প্রথম ছবিতেই মাত্র ২৮ বছর বয়সে তাঁকে অভিনয় করতে হয়েছিল ৬৫ বছরের এক বৃদ্ধের চরিত্রে। আর আজ, চার দশকেরও বেশি সময় পার করে সেই অভিনেতা পা রাখছেন রণবীর কাপুরের সঙ্গে নীতিশ তিওয়ারির বিগ বাজেট প্রজেক্ট ‘রামায়ণ’-এর মতো মেগা প্রজেক্টে। কথা হচ্ছে বলিউডের অন্যতম পাওয়ারহাউস পারফর্মার অনুপম খেরকে নিয়ে। অভিনেতার এই অভাবনীয় দীর্ঘ কেরিয়ারের সফর ফিরে দেখে এক আবেগঘন চিঠি লিখেছেন পরিচালক মহেশ ভাট।

‘সারাংশ’ থেকে ‘রামায়ণ’—কী রূপকথার মতো সফর!

১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল মহেশ ভাট পরিচালিত কালজয়ী ছবি ‘সারাংশ’। এই ছবির মাধ্যমেই হিন্দি সিনেমা জগতে ডেবিউ করেছিলেন অনুপম খের। আর জীবনের এই দীর্ঘ পথচলা পেরিয়ে এসে এবার নীতিশ তিওয়ারির বহুপ্রতিক্ষিত ‘রামায়ণ’-এ গুরুত্বপূর্ণ চরিত্র জটায়ুর ভূমিকায় কণ্ঠ দিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।

অনুপমের এই সুদীর্ঘ কেরিয়ার নিয়ে মহেশ ভাট তাঁর চিঠিতে লিখেছেন, ‘সারাংশ’-এর ‘বি ভি প্রধান’ থেকে শুরু করে ‘রামায়ণ’-এর ‘জটায়ু’—কী দুর্দান্ত এক দীর্ঘ পথচলা! অনুপমের এই অবিরাম এগিয়ে চলা দেখে তিনি ভীষণ আনন্দিত। অভিনেতার পেশাগত সাফল্যের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের ইতিবাচক পরিবর্তনগুলোও পরিচালকের চোখ এড়ায়নি।

সুইডেনে দেখা অন্য অনুপমকে!

চিঠিতে সুইডেনে অনুপমের সঙ্গে হঠাৎ দেখা হওয়ার একটি স্মৃতিচারণও করেছেন মহেশ ভাট। তাঁর মনে হয়েছে, সময়ের সঙ্গে অনুপম মানুষ হিসেবে আরও অনেক বেশি পরিপক্ব হয়েছেন। কারো সঙ্গে দেখা করার সময় অনুপম যেভাবে একশো শতাংশ মনোযোগ দেন, বা হাত মেলানোর সময় সামনের মানুষটিকে যেভাবে বাড়তি গুরুত্ব ও সম্মান জানান—সেটি পরিচালককে গভীরভাবে প্রভাবিত করেছে। মহেশের মতে, জীবনের এই পর্যায়ে এসে অনুপমকে এতটা আত্মবিশ্বাসী এবং নিজের ভেতর এতটা স্বচ্ছন্দ এর আগে কখনই মনে হয়নি।

মুম্বইয়ের পালি হিলের সেই ঐতিহাসিক বিকেল

স্মৃতির পাতা উল্টে মহেশ ভাট স্মরণ করেছেন মুম্বইয়ের পালি হিলের বাড়িতে তাঁদের প্রথম সাক্ষাতের সেই দিনটির কথা। তখন অনুপমের বয়স ছিল মাত্র ২৮, আর মহেশের ৩৪। বাড়ির চত্বরে বসে তাঁদের সেই ছোট্ট কথোপকথন যে একদিন এত দীর্ঘ পেশাগত ও বন্ধুত্বের সম্পর্কের ভিত্তি স্থাপন করবে, তা তাঁরা কেউই কল্পনা করতে পারেননি।

আজ অনুপম এমন এক শিখরে পৌঁছেছেন, যা দেখে গর্বে বুক ভরে গেছে পরিচালকের। মহেশের সাফ কথা, একসময় যাঁর হাত তিনি ধরেছিলেন, আজ তাঁকেই এমন আকাশচুম্বী উচ্চতায় পৌঁছতে দেখতে পাওয়া পরম আনন্দের। অনুপমের এই দীর্ঘ পরিশ্রম এবং লড়াইয়ের ইতিহাস দেশের যে কোনো ছোট শহরের তরুণকে মুম্বইয়ে এসে নিজেদের স্বপ্ন পূরণের সাহস জোগাবে বলেই মনে করেন তিনি।