সোশ্যাল মিডিয়াতেই ভারতীয় যুবকদের মগজধোলাই! পাক গ্যাংস্টার ভাট্টি ও আইএসআই-এর গোপন ছক ফাঁস

ভারতে বড়সড় নাশকতা চালানোর লক্ষ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের যুবসমাজকে বিভ্রান্ত ও অনলাইন র‍্যাডিকালাইজেশনের জালে ফেলার এক বিরাট চক্রান্ত ফাঁস হলো। পাকিস্তানি কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাট্টি এবং পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর এজেন্টদের বিরুদ্ধে ওঠা এমনই অত্যন্ত গুরুতর অভিযোগের ভিত্তিতে এবার সরাসরি তদন্তের ভার নিজেদের হাতে তুলে নিল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA)। সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, এই ভয়ঙ্কর আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে ইতিমধ্যেই একটি নতুন মামলা রুজু করে জোরকদমে তদন্ত শুরু করেছে এনআইএ।

পাক হ্যান্ডলারদের টার্গেট ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার

কেন্দ্রীয় গোয়েন্দা ও তদন্তকারী আধিকারিকদের মতে, পাকিস্তানি হ্যান্ডলাররা অত্যন্ত সুকৌশলে বিভিন্ন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে হাতিয়ার করে ভারতীয় তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছিল। মোটা অঙ্কের টাকা, লোভনীয় চাকরির প্রলোভন এবং নানাবিধ বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করার কাজে কীভাবে এই যুবকদের ব্যবহার করা হচ্ছিল, তা পুরোপুরি খতিয়ে দেখাই এই মেগা তদন্তের মূল লক্ষ্য।

চলতি বছরের এপ্রিল মাসে উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিজম স্কোয়াড (UP ATS) একটি এফআইআর দায়ের করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সক্রিয় হওয়া এই পাকিস্তানি স্লিপার সেলগুলির গতিবিধি নিয়ে তদন্ত শুরু করেছিল। সেই গোপন সূত্রের ধরেই এবার মামলাটি নিজেদের হাতে তুলে নিল এনআইএ।

এনআইএ-র এফআইএরে কাদের নাম?

জাতীয় তদন্তকারী সংস্থার দায়ের করা এফআইআরে প্রধানত পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাট্টি এবং পাকিস্তানে বসে ভারতের বিরুদ্ধে নাশকতা চালানো একাধিক সন্দেহভাজন আইএসআই (ISI) এজেন্টসহ মোট আটজনকে অভিযুক্ত করা হয়েছে। এই হাইপ্রোফাইল তালিকায় পাক হ্যান্ডলার আবিদ জাট ছাড়াও রয়েছে পাকিস্তানের কয়েকজন উচ্চপদস্থ সেনা আধিকারিক—মেজর হামিদ, মেজর ইকবাল এবং মেজর আনোয়ারের নাম।

পাশাপাশি, এই আন্তর্জাতিক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই দুই ভারতীয় নাগরিকের নামও সামনে এসেছে। তাঁরা হলেন উত্তরপ্রদেশের বাসিন্দা তুষার চৌহান (যিনি ছদ্ম নামে ‘হিজবুল্লাহ আলি খান’ হিসেবে সক্রিয় ছিলেন) এবং দিল্লির বাসিন্দা সমীর। গত এপ্রিল মাসেই উত্তরপ্রদেশ এটিএস এই দুই ভারতীয় এজেন্টকে গ্রেফতার করেছিল।

ফাঁদে ফেলার অভিনব কৌশল

তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন যে, শাহজাদ ভাট্টি ও অন্যান্য পাকিস্তানি চররা মূলত বিভিন্ন মেসেজিং অ্যাপ ও সোশ্যাল মিডিয়ার রিল বা ভিডিওর মাধ্যমে ভারতীয় যুবকদের সহজে টার্গেট করত। গান, সিনেমার জনপ্রিয় ডায়ালগ এবং বিলাসবহুল জীবনের প্রলোভন দেখিয়ে যুবকদের মন জয় করে তাদের দেশবিরোধী কার্যকলাপে নামানোর চেষ্টা চলত। এর আগে উত্তরপ্রদেশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (আইনশৃঙ্খলা) অমিতাভ যশ এই পাক চক্রের কার্যকলাপ নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছিলেন। এবার এনআইএ ময়দানে নামায় এই অনলাইন রিক্রুটমেন্ট নেটওয়ার্কের শিকড় কতদূর গভীরে ছড়িয়ে রয়েছে, তা খুব শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।