নাম শুনেছেন কি? মোচার ঘণ্ট আর পোলাওয়ের দুর্দান্ত মেলবন্ধনে তৈরি এই পদ পাতে পড়লে সবাই হাত চাটবে

নিরামিষ রান্নার দিন এলেই বাড়ির রান্নাঘরে কী পদ হবে, তা নিয়ে চিন্তার শেষ থাকে না। অনেকেই সাধারণ নিরামিষ খাবার খেতে পছন্দ করেন না। তবে একটু কায়দা করে রান্না করলে মাংস বা বিরিয়ানিও ফিকে হয়ে যেতে পারে এই পদের সামনে। ঠাকুমা-দিদিমাদের হেঁশেলে এমন অনেক সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি লুকিয়ে রয়েছে, যা বর্তমান প্রজন্মের অনেকের কাছেই অচেনা। তেমনই একটি ঐতিহ্যবাহী এবং হারিয়ে যাওয়া পদ হলো ‘মোচার চণকান্ন’।

নামটা অদ্ভুত মনে হতে পারে, তবে এর স্বাদ মোচার ঘণ্ট আর পোলাওয়ের মাঝামাঝি এক অপূর্ব রাজকীয় অনুভতি তৈরি করে। গোবিন্দভোগ চাল, খাঁটি ঘি, কিসমিস এবং মোচার নিখুঁত মেলবন্ধনে নিরামিষ দিনের পাতে এটি যে কোনো খাবারের প্রধান আকর্ষণ হয়ে উঠতে পারে। জেনে নিন সহজ এই রেসিপিটি।

প্রয়োজনীয় উপকরণ:

  • মোচা: ১টি মাঝারি সাইজের (ভালো করে বেছে, কুচিয়ে, হলুদ জলে সেদ্ধ করে জল ঝরানো)

  • গোবিন্দভোগ চাল: ১০০ গ্রাম (৩০ মিনিট জলে ভিজিয়ে জল ঝরানো)

  • সর্ষের তেল: ৪-৫ টেবিল চামচ

  • ঘি: ২ টেবিল চামচ

  • গোটা জিরে: ১ চা চামচ

  • তেজপাতা: ২টি, শুকনো লঙ্কা: ২টি

  • আদা কুচি: ১ চা চামচ, আদা বাটা: ১ টেবিল চামচ

  • গুঁড়ো মশলা: হলুদ গুঁড়ো (১ চা চামচ), জিরে গুঁড়ো (১ চা চামচ), শুকনো লঙ্কার গুঁড়ো (১/২ চা চামচ)

  • মৌরি: ১/২ চা চামচ (হালকা থেঁতো করা)

  • নুন: স্বাদমতো

  • চিনি: ১.৫ টেবিল চামচ (স্বাদ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে)

  • গরম মশলা গুঁড়ো: ১/২ চা চামচ

  • কিসমিস: ১৫-২০টি

রান্নার সহজ পদ্ধতি:

  • প্রথম ধাপ: প্রথমে কড়াইতে ২ টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিন। এবার জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল হালকা সোনালি রঙের করে ভেজে আলাদা পাত্রে তুলে রাখুন। খেয়াল রাখবেন চাল যেন বেশি লাল না হয়ে যায়, সুন্দর গন্ধ বেরোলেই নামিয়ে নিতে হবে।

  • দ্বিতীয় ধাপ: ওই কড়াইতে আরও ২ টেবিল চামচ তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং থেঁতো করা মৌরি ফোড়ন দিন। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে আদা কুচি ও আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন।

  • তৃতীয় ধাপ: মশলা কষানো হলে সেদ্ধ করে রাখা মোচা কড়াইতে দিয়ে দিন। এরপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও পরিমাণমতো নুন দিয়ে মাঝারি আঁচে ৫ থেকে ৬ মিনিট ভালো করে কষাতে থাকুন, যাতে মোচার কাঁচা ভাব বা কষটে গন্ধ সম্পূর্ণ চলে যায়।

  • চতুর্থ ধাপ: মোচা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চাল, কিসমিস এবং চিনি দিয়ে আরও ৩-৪ মিনিট একসঙ্গে নাড়াচাড়া করুন। এতে চাল মোচার সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে।

  • পঞ্চম ধাপ: এবার আনুমানিক ১ কাপ গরম জল (চাল সেদ্ধ হওয়ার মতো পরিমাণ বুঝে) দিয়ে কড়াই ঢাকা দিয়ে দিন। একদম কম আঁচে ১০ থেকে ১২ মিনিট রান্না হতে দিন। এই রান্নার আসল ট্রিক হলো— চাল যেন ভাতের মতো গলে না যায়, আবার শক্তও না থাকে; চাল আধা-ফোটা বা ঝরঝরে থাকবে।

  • ষষ্ঠম ধাপ: কড়াইয়ের জল শুকিয়ে এলে ওপর থেকে ২ টেবিল চামচ খাঁটি ঘি এবং গরম মশলা গুঁড়ো ছড়িয়ে হালকা হাতে মিশিয়ে নিন। এরপর আঁচ বন্ধ করে ৫ মিনিট ঢাকা দিয়ে দমে রাখুন।

ব্যস, তৈরি হয়ে গেল আপনার জিভে জল আনা ঐতিহ্যবাহী মোচার চণকান্ন। গরম ভাত, লুচি বা পরোটার সঙ্গে এটি পরিবেশন করুন। নামার আগে ওপরে আর একটু ঘি ছড়িয়ে দিলে এর সুগন্ধে চারপাশ ম ম করবে এবং সকলে হাত চেটে খেতে বাধ্য হবে!