ম্যাকবুক থেকে দামী গ্যাজেট—সবই নিজের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় ধামাকা উপহার কেন্দ্রের

সরকারি কর্মীদের জন্য দারুণ খবর। এবার থেকে কাজের জন্য পাওয়া সরকারের দেওয়া ল্যাপটপ, ট্যাবলেট বা দামি গ্যাজেট আর ফেরত দিতে হবে না। নির্দিষ্ট সময় পর সেগুলি নিজেদের কাছেই রেখে দিতে পারবেন কর্মীরা। সম্প্রতি সরকারি ডিভাইস ক্রয়ের নীতিতে বড়সড় বদল এনেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। নতুন এই নিয়ম ঘিরে ইতিমধ্যেই সরকারি মহলে শুরু হয়েছে জোর চর্চা।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, নতুন নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগকে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত ডিভাইস কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এই বাজেটের মধ্যে ম্যাকবুক এয়ার বা ম্যাকবুক প্রোর মতো দামি গ্যাজেটও কেনা সম্ভব। তবে বাজেট বাড়ানো হলেও একটি বিশেষ শর্ত রাখা হয়েছে। যে ডিভাইসগুলি কেনা হবে, তার অন্তত ৪০ শতাংশ উপাদান দেশীয় বা মেক ইন ইন্ডিয়া হতে হবে। তবেই সর্বোচ্চ ১ লক্ষ ৮০ হাজার টাকা পর্যন্ত বরাদ্দ মিলবে। অন্য ডিভাইসের ক্ষেত্রে এই আর্থিক সীমার সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা (কর বাদে)। গত ১০ নভেম্বর ব্যয় বিভাগ থেকে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যার ফলে ২০২৩ সালের পুরানো নিয়ম বাতিল হয়ে গেল।
কারা পাবেন এই সুবিধা? তবে দেশের সমস্ত সরকারি কর্মীই এই বিশেষ সুবিধা পাবেন না। শুধুমাত্র পে লেভেল ১২ বা তার উর্ধ্বে থাকা আধিকারিকরাই এই সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়া পে লেভেল ৮ থেকে ১১-র মধ্যে থাকা কর্মীদের ক্ষেত্রে যোগ্যতার পরিধি অনুমোদিত পদের অর্ধেক পর্যন্ত সীমিত রাখা হয়েছে। তবে কাজের প্রয়োজনে আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে এই হার ৭৫ শতাংশ পর্যন্ত বাড়ানো যেতে পারে।
কী রয়েছে নিয়মমাফি শর্ত? নতুন নীতিতে স্পষ্ট বলা হয়েছে, সরকারের দেওয়া এই সমস্ত গ্যাজেট টানা চার বছর ব্যবহার করার পর সংশ্লিষ্ট আধিকারিকরা তা নিজেদের কাছে রেখে দিতে পারবেন। তবে তার আগে ওই ডিভাইসে থাকা সমস্ত গোপন ও সংবেদনশীল সরকারি তথ্য পুরোপুরি মুছে ফেলা বাধ্যতামূলক। পাশাপাশি, চার বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগেই যদি কোনো কর্মী অবসর নেন বা চাকরি ছাড়েন, সেক্ষেত্রেও ডিভাইসটি ফেরত দিতে হবে না। তবে অবমূল্যায়িত দাম পরিশোধ করে সেটি নিজের কাছে রাখতে পারবেন তাঁরা। এক্ষেত্রে সরকার বার্ষিক ২৫ শতাংশ হারে অবমূল্যায়ন হিসাব করবে।
এছাড়াও, চার বছরের ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো আধিকারিক দ্বিতীয়বার নতুন কোনো ডিভাইস পাবেন না, যদি না আগের ল্যাপটপটি পুরোপুরি নষ্ট বা মেরামতের অযোগ্য হয়ে যায়। তবে মনে রাখতে হবে, এই সমস্ত সুযোগ-সুবিধা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের কর্মীদের জন্যই প্রযোজ্য। রাজ্য সরকার, কোনো স্বায়ত্তশাসিত সংস্থা বা পরামর্শদাতারা এই সুবিধার আওতায় আসবেন না।