রক্তে ভাসছে ওপার বাংলা! শেখ হাসিনার বিদায়ের পর ভয়াবহ সাম্প্রদায়িক হিংসায় মৃত ১৪৬, চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে

২০২৪ সালের অগস্টে বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর থেকে ২০২৬ সাল পর্যন্ত দেশটিতে অন্তত ১৪৬ জন সংখ্যালঘু নাগরিকের মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ‘ডেমোক্রেসি, রাইটস অ্যান্ড পারসিকিউশন ওয়াচ’ (DRPW)-এর প্রকাশিত একটি সাম্প্রতিক রিপোর্টে এই ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এই রিপোর্টের তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে ১১৯ জন হিন্দু, ৫ জন বৌদ্ধ বড়ুয়া এবং ২২ জন আদিবাসী সম্প্রদায়ের সদস্য রয়েছেন। আদিবাসীদের এই তালিকায় চাকমা, মারমা, ত্রিপুরা, বম, সাঁওতাল এবং মুন্ডা জনগোষ্ঠীর মানুষেরা অন্তর্ভুক্ত রয়েছেন। রিপোর্টটিতে হত্যাকাণ্ড, গণপিটুনি, ডাকাতির সময় খুন, হেফাজতেও মৃত্যু (কাস্টোডিয়াল ডেথ) এবং সংঘর্ষের মতো বিভিন্ন ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরা হয়েছে।

ডিআরপিডব্লিউ-র এই রিপোর্টে প্রতিটি মৃত্যুর ঘটনাভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে নিহতদের নাম, মৃত্যুর তারিখ, ঠিকানা, পেশা ও সম্প্রদায়ের পরিচয়ের পাশাপাশি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এবং সত্যতা যাচাইয়ের জন্য সংবাদমাধ্যমের প্রতিবেদনের লিঙ্ক বা কিউআর কোড পর্যন্ত যুক্ত করা হয়েছে। সংস্থার প্রকাশিত পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের অগস্ট থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত শুধুমাত্র ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’ (BHBCUC)-এর নথি অনুযায়ী সাম্প্রদায়িক হিংসার মোট ২,৯৬৩টি ঘটনা ঘটেছিল। এছাড়া ২০২৬ সালের প্রথমার্ধের মূল্যায়নে দেশজুড়ে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ৪৪টি হত্যাকাণ্ড, ৬২টি মন্দির ও উপাসনালয়ে হামলা এবং ৪৭টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো ঘটনা রয়েছে।

২০২৪ সালের ৫ অগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং উপাসনালয়ে ব্যাপক ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। প্রতিবেদনে প্রাক্তন মন্ত্রী রমেশ চন্দ্র সেন এবং সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যুর মতো হাইপ্রোফাইল ঘটনাগুলোও স্থান পেয়েছে। যদিও এই তালিকাভুক্ত প্রতিটি মৃত্যুর পেছনে সরাসরি ধর্মীয় কারণ ছিল কি না, সে বিষয়ে সতর্ক করে সংকলকরা জানিয়েছে যে আদালতের রায় বা নির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো পক্ষকে এককভাবে দায়ী করা চলে না। তাদের মূল উদ্দেশ্য ছিল অনুমাননির্ভর খবরের পরিবর্তে একটি নির্ভরযোগ্য ও যাচাইযোগ্য তথ্যভাণ্ডার তৈরি করা।

এই ক্রমবর্ধমান সহিংসতার প্রেক্ষাপটে মানবাধিকার রক্ষায় কঠোর পদক্ষেপের দাবি উঠেছে। প্রতিটি নথিভুক্ত মৃত্যুর ঘটনার নেপথ্যে নিরপেক্ষ এবং স্বাধীন তদন্তের জন্য জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, রাষ্ট্রপুঞ্জ এবং বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, সহিংসতার প্রকৃতি নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক অব্যাহত রয়েছে। সংখ্যালঘু সংগঠনগুলো এটিকে সরাসরি সাম্প্রদায়িক নিপীড়ন বলে দাবি করলেও, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই হামলাগুলোর একটি বড় অংশ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। ইউরোপীয় ইউনিয়ন আশ্রয় সংস্থার ২০২৫ সালের এক মূল্যায়ন রিপোর্টেও ২০২৪ সালের অগস্টে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ব্যাপক হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে। সামগ্রिक এই পরিস্থিতিতে সংখ্যালঘুদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে।