রাতে ওষুধ না খেলে ঘুমে চোখ জোড়ে না! পরিবেশ বাঁচাতে নেমে আজ কোন ভয়ংকর মূল্য চোকাচ্ছেন এই তরুণ?

পরিবেশ ও নদী বাঁচানোর মহৎ উদ্যোগ কি শেষ পর্যন্ত এক তরুণের জীবনে অভিশাপ হয়ে নেমে এল? নেটদুনিয়ায় ‘বিট্টু তবাহি’ নামে পরিচিত ২১ বছরের তরুণ সুরেন্দ্র সিং চৌধুরীর জীবন এখন এক নির্মম লড়াইয়ের নাম। মধ্যপ্রদেশের দূষিত আজনার নদী পরিষ্কার করতে নেমে আজ মারাত্মক চর্মরোগ ও সংক্রমণে শয্যাশায়ী তিনি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ওষুধ না খেলেই অসহ্য যন্ত্রণায় ছটফট করতে হয় এই তরুণ পরিবেশপ্রেমীকে।
একা হাতে নদী পরিষ্কারের লড়াই
চলতি বছরের জানুয়ারি মাস থেকেই মধ্যপ্রদেশের আজনার নদীকে প্লাস্টিকের বোতল, পলিথিন, ক্ষতিকর শ্যাওলা ও পচা বর্জ্য থেকে মুক্ত করতে বরমাতা হয়ে নেমে পড়েছিলেন বিট্টু। হাতে সাধারণ গ্লাভস আর পায়ে সাধারণ বুট জুতো—এই সামান্য সরঞ্জাম নিয়েই কাজ শুরু করেছিলেন তিনি। কিন্তু বহু ক্ষেত্রেই পর্যাপ্ত সুরক্ষার অভাবে তাঁকে খালি হাতেই নদীর পচা ও বিষাক্ত আবর্জনা তুলতে হয়েছে। মাসের পর মাস এই অত্যন্ত দূষিত জল ও ক্ষতিকারক রাসায়নিকের সংস্পর্শে থাকার ফলেই আজ তাঁর হাত ও পায়ে দেখা দিয়েছে মারাত্মক চুলকানি, লালচে ছোপ এবং যন্ত্রণাদায়ক চর্মরোগ।
এক সাক্ষাৎকারে বিট্টু নিজেই জানিয়েছেন, অনবরত চুলকানি ও ব্যথায় তিনি দারুণ শারীরিক অস্বস্তির মধ্যে রয়েছেন। তবে এত কষ্টের পরেও নদী পরিষ্কারের মহৎ কাজ তিনি কিছুতেই থামাবেন না বলেই অনড় সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ছেলের এই ভয়াবহ শারীরিক অবনতি দেখে যারপরনাই উদ্বিগ্ন তাঁর বাবা-মা। তাঁরা বারবার ছেলেকে আর ওই বিষাক্ত নদীর কাছাকাছি না যাওয়ার অনুরোধ জানিয়ে আসছেন। সোশ্যাল মাধ্যমে বিট্টুর এই লড়াই ও কষ্টের কথা ছড়িয়ে পড়তেই তাঁর সাহসিকতার প্রশংসার পাশাপাশি লক্ষ লক্ষ অনুরাগী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
দূষিত জল কীভাবে ত্বকের ভয়াবহ ক্ষতি করে?
বিশেষজ্ঞ ও মার্কিন স্বাস্থ্য সংস্থা সিডিসি (CDC)-র রিপোর্ট অনুযায়ী, মানুষের ত্বক শরীরের প্রাথমিক সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। কিন্তু দীর্ঘ সময় দূষিত বা রাসায়নিকযুক্ত জলের সংস্পর্শে থাকলে ত্বক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে:
ত্বকে জ্বালা ও অনবরত চুলকানি: শিল্পাঞ্চলের বর্জ্য, নর্দমার নোংরা জল এবং ক্ষতিকর জীবাণু ত্বকের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে লালচে ভাব, তীব্র জ্বালা ও চুলকানির সৃষ্টি করে।
ইনফেকশনের ঝুঁকি বৃদ্ধি: নদী বা জলাশয় পরিষ্কারের সময় ভাঙা গ্লাস, লোহা বা টিনের ফ্রেমে কেটে গেলে সেই কাটা ক্ষত দিয়ে বিষাক্ত জীবাণু সোজা রক্তে প্রবেশ করে এবং মারাত্মক চর্মসংক্রমণ বা সফট-টিস্যু ইনফেকশন ঘটাতে পারে।
ক্ষতিকারক কেমিক্যাল ও অ্যালার্জি: শুধুমাত্র ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসই নয়, নর্দমা ও কৃত্রিম সারের রাসায়নিক ত্বকে মারাত্মক অ্যালার্জি ও স্থায়ী ক্ষতের সৃষ্টি করে।
বিশেষজ্ঞদের মতে, বিট্টুর মতো যারা নদী বা নর্দমা পরিষ্কারের মতো ঝুঁকিপূর্ণ কাজ করেন, তাঁদের সুরক্ষার জন্য ওয়াটারপ্রুফ বুট, মোটা গ্লাভস ও ফুল-বডি সুট পরা অত্যন্ত জরুরি। পাশাপাশি কাজ শেষে নিয়ম করে শক্তিশালী জীবাণুনাশক সাবান দিয়ে শরীর ধোয়া বাধ্যতামূলক। অন্যের পরিবেশ বাঁচাতে গিয়ে আজ নিজেই চরম বিপদের মুখে বিট্টু তবাহি—তাঁকে সুস্থ করে তুলতে এখন প্রার্থনা করছে গোটা নেটদুনিয়া।