দাদুর সম্পত্তিতে অধিকার নেই নাতির!’ হিন্দু উত্তরাধিকার আইন নিয়ে শীর্ষ আদালতের এই রায়ে বদলাবে বড় সমীকরণ

দাদুর থেকে বাবার পাওয়া সম্পত্তিতে কি কোনো নাতির জন্মসূত্রে অধিকার থাকে? প্রায় ২৭ বছর ধরে চলা এক জটিল পারিবারিক সম্পত্তি বিবাদের মামলায় অবসান ঘটিয়ে ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ রায় দিল দেশের সুপ্রিম কোর্ট। হিন্দু উত্তরাধিকার আইন (১৯৫৬)-এর উল্লেখ করে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, দাদুর মৃত্যুর পর বাবার ভাগে আসা সম্পত্তিতে নাতির জন্মসূত্রে কোনো অধিকার থাকে না।

বিচারপতি অগাস্টিন জর্জ মসিহ এবং বিচারপতি সুনীতা আগরওয়ালের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই চাঞ্চল্যকর মামলার শুনানি সম্পন্ন হয়।

২৭ বছরের পুরনো বিবাদের প্রেক্ষাপট

ঘটনার সূত্রপাত ১৯৯৭ সালে। সেই সময় এক নাবালক তার মায়ের মাধ্যমে আদালতের দ্বারস্থ হয়ে ১,৮১১ বর্গফুটের একটি পারিবারিক সম্পত্তির অর্ধেক অংশের অধিকার দাবি করে মামলা দায়ের করে। আবেদনকারীর দাবি ছিল, সম্পত্তিটির মূল মালিক ছিলেন তার দাদু এন রামকৃষ্ণ। পরবর্তীতে আদালতের আপস-রফার মাধ্যমে সেই সম্পত্তি তার বাবার হস্তগত হয়। কিন্তু ১৯৯৭ সালে তার বাবা ওই সম্পত্তি বিক্রি করে দিলে শুরু হয় আইনি বিবাদ।

হাইকোর্টের আপিল আদালত আগেই জানিয়েছিল যে, হিন্দু উত্তরাধিকার আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী দাদুর মৃত্যুর পর পাওয়া জমির একক মালিক হয়ে যান বাবা। ফলে তাতে ছেলের জন্মসূত্রে কোনো অধিকার জন্মায় না। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত।

কী রায় দিল সুপ্রিম কোর্ট?

সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কেই বহাল রেখে জানিয়েছে, হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬-র ৮ নম্বর ধারা অনুযায়ী একজন বাবা তাঁর নিজস্ব বাবার (ঠাকুরদা) কাছ থেকে যে সম্পত্তি উত্তরাধিকারসূত্রে লাভ করেন, সেটি তাঁর ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণ্য হয়। এতে তাঁর সন্তানের জন্মগত কোনো ভাগ থাকে না—বিশেষ করে যখন মূল সম্পত্তির ভাগ আগেই ঠাকুরদার আইনি উত্তরাধিকারীদের মধ্যে সম্পন্ন হয়ে গেছে।

আইনের ব্যাখ্যায় আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ

শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেছে:

  • প্রথম শ্রেণির উত্তরাধিকারী (Class I Heirs): হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী, কোনো ব্যক্তি মারা গেলে তাঁর সম্পত্তি প্রথম শ্রেণির আইনি উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন হয়। এই তালিকায় পুত্র এবং মৃত পুত্রের সন্তান অন্তর্ভুক্ত থাকলেও, ‘জীবিত পুত্রের সন্তান’ বা নাতি প্রথম শ্রেণির তালিকায় পড়ে না।

  • একচ্ছত্র মালিকানা: মূল মালিকের মৃত্যুর পর সম্পত্তি বণ্টন হয়ে গেলে প্রাপ্ত উত্তরাধিকারী নিজের অংশের একচ্ছত্র মালিক হন। তাই জীবিত থাকা অবস্থায় বাবার সেই সম্পত্তিতে ছেলে বা নাতি নিজের অধিকার দাবি করতে পারে না।

সুপ্রিম কোর্টের এই সুস্পষ্ট ব্যাখ্যার ফলে দেশজুড়ে দাদু-বাবার অর্জিত পারিবারিক সম্পত্তি সংক্রান্ত নানা জটিল মামলার আইনি সমাধান পাওয়া সহজ হবে বলে মনে করছেন আইনজ্ঞরা।