পালং শাক আর দুগ্লাস দুধের বাদানুবাদ থেকে রাজীব-সোনিয়ার প্রথম কোল খালি হওয়ার হৃদয়বিদারক সত্যি!

১৯৬৯ সালের জানুয়ারি মাস। নতুন জীবনের আলো দেখার অপেক্ষায় দিন গুনছিলেন রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধী। কিন্তু সেই আনন্দ টিকল মোটে কয়েকটা ঘণ্টা। জন্মের ঠিক পরেই সব শেষ। জীবনের সেই গভীরতম শোক, সদ্যোজাতর শেষকৃত্য নিয়ে তৈরি হওয়া জটিলতা এবং এক দক্ষিণপন্থী পত্রিকার নিষ্ঠুর আক্রমণ—সব না-বলা অধ্যায় এবার নিজের সদ্যপ্রকাশিত আত্মজীবনীতে ফাঁস করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। মঙ্গলবার বাজারে আসা তাঁর বহুলচর্চিত বই ‘Belonging: A Journey of Love’-এ উঠে এসেছে জীবনের সেই বিভীষিকাময় ও ব্যক্তিগত লড়াইয়ের অজানা গল্প।

ইন্দিরার কড়া নিয়ম ও প্রসবের মর্মান্তিক পরিণতি

বইয়ে সোনিয়া লিখেছেন, ১৯৬৬৮ সালের সেপ্টেম্বরে তিনি যখন অন্তঃসত্ত্বা হওয়ার খবর পান, তখন আনন্দে ভেসেছিল পুরো গান্ধী পরিবার। বিশেষ করে শাশুড়ি ইন্দিরা গান্ধী দারুণ খুশি হয়েছিলেন। পুত্রবধূর খাওয়া-দাওয়া থেকে শুরু করে শিশুর পোশাক তৈরির তদারকি নিজেই করতেন ইন্দিরা। তবে শাশুড়ির বেঁধে দেওয়া ডায়েট—বিশেষ করে রোজ পালং শাক খাওয়া আর দু’গ্লাস দুধ টানা—বেশ কষ্টকর ছিল তরুণী সোনিয়ার কাছে।

সবকিছু ঠিকঠাক চললেও গর্ভাবস্থার সপ্তম মাসে হঠাৎ শুরু হয় তীব্র পেটে ব্যথা। চিকিৎসকের চিকিৎসায় কাজ না হওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি একটি পুত্রসন্তানের জন্ম দেন সোনিয়া। সদ্যোজাতের প্রথম কান্নার শব্দও কানে এসেছিল তাঁর। রাজীবের হাত ধরে ইনকিউবেটরে থাকা সেই সুন্দর শিশুটিকে দেখতেও গেছিলেন তিনি। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস! চিকিৎসকদের আশঙ্কা সত্যি করে পরদিন সকালেই চিরকালের মতো ঘুমিয়ে পড়ে ছোট্ট সেই প্রাণ।

খবর পেয়ে সফর অসমাপ্ত রেখে রাতেই হাসপাতালে ছুটে আসেন ইন্দিরা গান্ধী। পুত্র ও পুত্রবধূকে বুকে জড়িয়ে ধরেন তিনি। পাশে এসে দাঁড়ান সঞ্জয় গান্ধীও।

নদীতে ভাসাতে অস্বীকার ও খামারবাড়িতে সমাধি

সন্তানের মৃত্যুর পর তার শেষকৃত্য সম্পন্ন করা নিয়ে শুরু হয় এক অদ্ভুত জটিলতা। হিন্দু রীতি অনুযায়ী সদ্যোজাতদের সাধারণত নদীতে ভাসিয়ে দেওয়ার প্রথা থাকলেও, সোনিয়া সাফ জানিয়ে দেন— কিছুতেই তিনি তাঁর সন্তানের দেহ নদীতে ভাসিয়ে দিতে দেবেন না। শেষ পর্যন্ত দক্ষিণ দিল্লির মেহরৌলিতে গান্ধী পরিবারের খামারবাড়িতেই ছোট্ট দেহটিকে সমাহিত করার সিদ্ধান্ত নেন রাজীব ও সঞ্জয়। বাড়ির সীমানার একপাশে গোলাপি বোগেনভিলিয়া গাছের তলায় খোঁড়া হয় কবর। পরবর্তীতে দীর্ঘ দিন সেই সমাধিতে ফুল দিয়ে আসতেন দম্পতি।

একটি সংবাদপত্রের নিষ্ঠুর আক্রমণ ও ঘুরে দাঁড়ানো

প্রথম সন্তানকে হারানোর শোক এবং নিজের অজান্তেই তৈরি হওয়া অপরাধবোধ যখন সোনিয়াকে কুরে কুরে খাচ্ছে, ঠিক তখনই আঘাত হানে এক দক্ষিণপন্থী সংবাদপত্র। সেখানে তীব্র কটাক্ষ করে লেখা হয়, “ইন্দিরা গান্ধী এক জারজ সন্তানের দিদিমা হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।” এই নির্মম লেখা পড়ে কান্নায় ভেঙে পড়েছিলেন সোনিয়া। পরে রাজীব তাঁকে বুকে টেনে বুঝিয়েছিলেন যে, তাঁদের পরিবারকে ঘিরে এই ধরনের রাজনৈতিক বিদ্বেষ নতুন কিছু নয়।

এরপর তেজি বচ্চন তাঁদের ‘রেশমা’ নামের একটি পোষ্য কুকুর উপহার দেন। সেই কুকুরের পরিচর্যা করতে করতেই ধীরে ধীরে শোক কাটিয়ে ওঠেন সোনিয়া। নিয়তির অদ্ভুত পরিহাসে ওই বছরেরই অক্টোবরে ফের অন্তঃসত্ত্বা হন তিনি। টানা আট মাস সম্পূর্ণ বিছানায় বিশ্রামে থাকার পর, অবশেষে ১৯৭০ সালের ১৯ জুন ভূমিষ্ঠ হন তাঁদের দ্বিতীয় সন্তান— রাহুল গান্ধী।