আসাম থেকে ফিরিয়ে আনার ৫ দিনের মাথায় ফের উধাও বাঘিনি! মন্ত্রীর অদ্ভুত যুক্তিতে হতবাক পরিবেশপ্রেমীরা

বক্সা ব্যাঘ্র প্রকল্পের (Buxa Tiger Reserve) ঘেরাটোপ বা এনক্লোজার ভেঙে ফের চম্পট দিয়েছে বাঘিনি ‘BTR TF-1’ (ডুয়ার্স রানি)। বনদফতরের নিরাপত্তা ও নজরদারির চরম গাফিলতিকে আড়াল করতে এবার এক অদ্ভুত ও বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওঁরাও। তাঁর সাফাই, “ডুয়ার্সের রানি বলে কথা! তাকে কি আর এনক্লোজারে আটকে রাখা যায়!” মন্ত্রীর এই লঘু চালে ক্ষুব্ধ খোদ পরিবেশপ্রেমী মহল।

মাটি খুঁড়ে সুড়ঙ্গ পথেই পলায়ন!

মাত্র কয়েকদিন আগেই আসামের রায়মোনা টাইগার রিজার্ভ থেকে উদ্ধার করে এই বাঘিনিকে বক্সায় ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু বনদফতরের সব বন্দোবস্তকে বুড়ো আঙুল দেখিয়ে এনক্লোজারের পাঁচিলের নিচের মাটি খুঁড়ে সুড়ঙ্গ বানিয়ে ফের পালিয়ে যায় সে। কীভাবে সিসিটিভি বা বনকর্মীদের নজর এড়িয়ে একটি বাঘিনি পরপর দু’বার এভাবে পালিয়ে গেল, তা নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

যখন বনদফতরের প্রশাসনিক ব্যর্থতা ও নজরদারির ফাঁকফোকর নিয়ে চারদিকে সমালোচনা শুরু হয়েছে, তখন বনমন্ত্রী মনোজকুমার ওঁরাও বিষয়টিকে অন্য মোড় দেওয়ার চেষ্টা করেন। তাঁর মন্তব্য, “ডুয়ার্সের রানি, এত বড় এনক্লোজার কেনই বা মানবে! ফলে এনক্লোজার থেকে মাটি খুড়ে পালিয়ে গেছে বাঘিনি।” জানা গিয়েছে, আর মাত্র দু’-এক দিনের মধ্যেই বাঘিনিটিকে পাকাপাকিভাবে জঙ্গলে ছেড়ে দেওয়ার পরিকল্পনা ছিল বনদফতরের। কিন্তু তার আগেই এমন কাণ্ড ঘটিয়ে বসল সে।

কুনকি হাতি ও ৬০ জন বনকর্মী নিয়ে তল্লাশি

বাঘিনির খোঁজে এখন জোর কদমে তল্লাশি শুরু করেছে বন দফতর। বক্সা জঙ্গলের মধ্যেই তার গতিবিধি রয়েছে বলে অনুমান করা হচ্ছে। বাঘিনিটি যাতে ফের কোনোভাবেই সংকোশ নদী পেরিয়ে আসামের দিকে চলে না যায়, সেটাই এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নিরাপত্তা নিশ্চিত করতে ভরৎ, সারথি ও ভিট্টালা—এই তিনটি কুনকি হাতি এবং প্রায় ৬০ জন বনকর্মীকে কাজে লাগিয়ে বনাঞ্চলে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। আপাতত ৫ থেকে ৭ কিলোমিটারের ব্যাসার্ধেই বাঘিনির অবস্থান অনুমান করে তাকে বাগে আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে বিহারের বাল্মীকি জাতীয় উদ্যান থেকে বক্সায় নিয়ে আসা হয়েছিল এই বাঘিনিটিকে। কিন্তু গত ২ অক্টোবর ছাড়ার পর মাস না ঘুরতেই সে বক্সা ছেড়ে পাড়ি দিয়েছিল আসামের রায়মোনা জঙ্গলে। সেখান থেকে গত ৩ নভেম্বর ট্রাঙ্কুলাইজ করে তাকে ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু বিশেষ এনক্লোজারে বন্দি রাখার পরও তার এই দ্বিতীয়বারের পলায়ন বক্সার নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।