ইনকিউবেটরে কান্নার পরেই চিরতরে নিভে গেল প্রদীপ! সন্তান হারানোর সেই মর্মান্তিক স্মৃতি প্রথমবার ফাঁস করলেন সনিয়া

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, শহিদ রাজীব গান্ধীর স্ত্রী—এই পরিচয়কেই আজও সযত্নে আঁকড়ে ধরে রেখেছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। ব্যক্তিগত জীবনের শোক ও না-বলা অনুভূতি নিয়ে এর আগে তাঁকে সেভাবে কখনওই মুখ খুলতে দেখা যায়নি। তবে নিজের সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’-এ কার্যত জীবনের সব আবেগ উজাড় করে দিয়েছেন তিনি। আর সেই বইয়ের পাতাতেই উঠে এসেছে এক রক্তক্ষয়ী ও মর্মান্তিক সত্যি, যা এত দিন ধামাচাপা ছিল। জানা গিয়েছে, রাহুল গান্ধী নন, রাজীব-সনিয়ার প্রথম সন্তান ছিলেন এক পুত্রসন্তান। কিন্তু সেই সন্তানকে বাড়ি তো দূরের কথা, কোলে নিয়েও বেশিক্ষণ থাকতে পারেননি তাঁরা।

ইন্দিরার আনন্দ এবং প্রিম্যাচিওর প্রসবের বেদনা

বইয়ে সনিয়া লিখেছেন, প্রথম বার যখন তিনি সন্তানসম্ভবা হন, তখন পুরো গান্ধী পরিবারে খুশির আমেজ তৈরি হয়েছিল। এমনকি স্বভাবতই গাম্ভীর্য বজায় রাখা ইন্দিরা গান্ধীও এই সুখবর শুনে দারুণ উচ্ছ্বসিত হয়েছিলেন। সনিয়ার কথায়, সুখবর জেনেই তাঁকে বুকে টেনে নিয়েছিলেন ইন্দিরা, আর স্নেহের সুরে বলেছিলেন— “বড় শিশু আবার আর এক শিশুর মা হচ্ছে।”

কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি বেশি দিন। নির্ধারিত সময়ের দু’মাস আগেই প্রসব বেদনা শুরু হওয়ায় তড়িঘড়ি সনিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি। প্রিম্যাচিওর হলেও শিশুটি সম্পূর্ণ সুস্থ ছিল। সন্তানের প্রথম কান্নার আওয়াজ নিজের কানে শুনেছিলেন সনিয়া। পরে ইনকিউবেটরে থাকা সেই সদ্যোজাতকে দেখতে যান রাজীব ও সনিয়া। সনিয়া লিখেছেন, তাঁদের প্রথম সন্তানটি একেবারে নিখুঁত ছিল—মাথায় ঘন কালো চুল, ছোট্ট ছোট্ট আঙুল। দেখামাত্রই বুকভরা ভালোবাসা জমে উঠেছিল ছোট্ট সেই প্রাণের জন্য।

চিকিৎসকদের আশঙ্কা সত্যি করে কেড়ে নিল প্রাণ

কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই সন্তানকে বাড়ি নিয়ে যেতে পারেননি রাজীব-সনিয়া। জন্মের মাত্র কয়েক ঘণ্টা পরই মারা যায় শিশুটি। সনিয়ার স্মৃতিচারণা অনুযায়ী, চিকিৎসকরা আগেই রাজীবকে সতর্ক করেছিলেন। পরদিন সকালেই সব শেষ। প্রথম সন্তানের আকস্মিক মৃত্যুতে নিজেকে এক্কেবারে সামলাতে পারেননি সনিয়া। বিলাপ করে তিনি বারবার বলেছিলেন, “হতে পারে না। কেন, কেন?” আর বরাবর সংযমী হিসেবে পরিচিত রাজীব গান্ধীও সন্তানের মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছিলেন।

খবর পেয়ে দ্রুত হাসপাতাল ছুটে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও। সনিয়া লিখেছেন, “আমাদের আলিঙ্গন করেন উনি। ওঁর চোখ লাল হয়ে গিয়েছিল, ফুলে গিয়েছিল।” বেশ কিছুক্ষণ পাশে বসে থাকার পর সরকারি দায়িত্ব পালনের তাগিদে অনিচ্ছা সত্ত্বেও তাঁকে উঠে যেতে হয়েছিল।

নদীতে ভাসাতে অস্বীকার, খামারবাড়িতে নিজেহাতে সমাধি

সবচেয়ে মর্মান্তিক বিষয় ছিল সদ্যোজাতর শেষকৃত্য সম্পন্ন করা। সনিয়া জানতে পারেন, সে সময় নবজাতক শিশুর মৃত্যু হলে তার দেহ নদীতে ভাসিয়ে দেওয়ার প্রচলন রয়েছে। এ কথা শুনে আঁতকে ওঠেন তিনি। সাফ জানিয়ে দেন, “না। যাই হয়ে যাক না কেন, আমার সন্তানকে নদীতে ফেলে দিতে দেব না।”

শেষ পর্যন্ত দক্ষিণ দিল্লির মেহরৌলিতে ফিরোজ গান্ধীর খামারবাড়িতেই নবজাতকের দেহ সমাধিস্থ করা হয়। রাজীব এবং সঞ্জয় গান্ধী দুজনে মিলে একটি বোগেনভেলিয়া গাছের পাশে পরম যত্নে দেহটিকে মাটি দেন। সেই অত্যন্ত যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা স্মরণ করে সনিয়া লিখেছেন, “আর কোনো রাস্তা ছিল না। দীর্ঘদিন ওই সমাধিতে ফুল রেখে আসতাম।”

প্রথম সন্তানকে হারানোর গভীর শোক ও অপরাধবোধ দীর্ঘদিন কুরে কুরে খেয়েছিল তাঁকে। এর ওপর আবার এক দক্ষিণপন্থী পত্রিকা শিশুটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ করায় মানসিকভাবে আরও ভেঙে পড়েছিলেন তিনি। তবে নিয়তির চাকা ঘুরেছে। ওই বছরের শেষ দিকেই ফের অন্তঃসত্ত্বা হন সনিয়া, এবং অবশেষে ১৯৭০ সালের ১৯ জুন ভূমিষ্ঠ হন রাহুল গান্ধী।