ফ্লু নাকি করোনার নতুন ভ্যারিয়েন্ট? ১৬ দিনে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, জেনে নিন পিজে ২.১-এর ভয়ঙ্কর তথ্য

কোভিড-১৯-এর একটি নতুন ভ্যারিয়েন্ট ফের চিন্তায় ফেলেছে গোটা বিশ্বকে। যার নাম পিজে ২.১ (PJ.2.1)। চলতি বছরের মে মাসে কানাডার অন্টারিওতে প্রথম শনাক্ত হওয়া এই উদীয়মান সার্স-কোভ-২ লিনিয়েজটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও এশিয়ার বিভিন্ন অংশে দ্রুত ছড়িয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, নিউ জার্সি, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, মিসৌরি, ওকলাহোমা, কলোরাডো এবং ফ্লোরিডাতেও এর উপস্থিতি মিলেছে।
এত কম সময়ে ভাইরাসের এই দ্রুত বিস্তার পুনরায় নতুন কোনো সংক্রমণের ঢেউ ডেকে আনে কি না, তা নিয়ে চরম আশঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞরা। কারণ হিসেবে বলা হচ্ছে, এই ভ্যারিয়েন্টটির স্পাইক প্রোটিনে মারাত্মক পরিবর্তন ঘটেছে, যা করোনাভাইরাসকে মানব কোষে সরাসরি প্রবেশ করতে আরও বেশি সাহায্য করে।
কী জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)?
এই নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, কোভিড-১৯ এর লক্ষণগুলো অনেক সময় ইনফ্লুয়েঞ্জা বা সাধারণ সর্দি-কাশির মতো অন্যান্য শ্বাসতন্ত্রের সংক্রমণের সঙ্গে মিলে যায়। ফলে, শুধুমাত্র উপসর্গের ওপর ভিত্তি করে রোগ নির্ণয় করা সম্পূর্ণ নির্ভরযোগ্য নয়।
পিজে.২.১-এর ওপর কড়া নজরদারি বজায় রাখার নির্দেশ দিয়েছে ডব্লিউএইচও। তবে এটি অতীতের প্রচলিত ভ্যারিয়েন্টগুলোর তুলনায় আরও বেশি গুরুতর বা ভয়ঙ্কর অসুস্থতা সৃষ্টি করছে—এমন কোনো জোরালো প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি।
কী এই নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১?
পিজে.২.১ হলো সার্স-কোভ-২ (SARS-CoV-2)-এর একটি বিশেষ বংশধারা। গবেষকরা এটিকে ‘সল্টেশন ভ্যারিয়েন্ট’ হিসেবে চিহ্নিত করেছেন। এর অর্থ হলো, এই ভাইরাসটি ধীরে ধীরে মিউটেশন বা রূপ বদল করার পরিবর্তে তুলনামূলকভাবে একবারে বিপুল সংখ্যক জিনগত পরিবর্তন নিয়ে আবির্ভূত হয়েছে।
অক্টোবর ২০২৬-এ ‘জার্নাল অফ ইনফেকশন’-এ প্রকাশিত মার্কাস হফম্যান ও তাঁর সহকর্মীদের গবেষণা অনুযায়ী, পিজে.২.১-এর উৎপত্তি হয়েছে ‘এমসি.১০.১.৭’ (MC.10.1.7) থেকে, যা মূলত মে ২০২৫ পর্যন্ত প্রচলিত ‘জেএন.১’ (JN.1) বংশধারারই একটি উত্তরসূরি। পাবলিক হেলথ অন্টারিওর জিনোমিক প্রতিবেদন বলছে, গত ২০ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবরের মধ্যে সংগৃহীত নমুনার ২৫.২ শতাংশ জুড়েই ছিল এই পিজে.২.১, যা আগের চার সপ্তাহে ছিল মাত্র ১৬.৯ শতাংশ।
লক্ষণগুলি কী কী?
বর্তমানে পিজে.২.১-এর জন্য আলাদা বা নির্দিষ্ট কোনো পৃথক উপসর্গ নেই। কোভিডের চিরচেনা লক্ষণগুলোকেই মৌসুমি ফ্লু ও সাধারণ সর্দিকাশির মতো ধরা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিহ্নিত করা সাধারণ লক্ষণগুলো হলো:
জ্বর বা কাঁপুনি
কাশি ও গলা ব্যথা
সর্দি বা বন্ধ নাক
মাথাব্যথা
পেশী এবং শরীরের ব্যথা
ক্লান্তি ও দুর্বলতা
এ ছাড়াও অনেকের ক্ষেত্রে শ্বাসকষ্ট, পরিপাকতন্ত্রের সমস্যা কিংবা ঘ্রাণ ও স্বাদের পরিবর্তন দেখা দিতে পারে।
ডব্লিউএইচও জানিয়েছে, কোভিড এবং ইনফ্লুয়েঞ্জার লক্ষণ প্রায় একই হওয়ায় এই দুই সংক্রমণের মধ্যে উপসর্গ দেখে ফারাক করা কঠিন। তাই নিজে থেকে ওষুধ না খেয়ে যেকোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া যত্রতত্র ওষুধ সেবন ডেকে আনতে পারে বড় বিপদ।