গোপন তথ্য পাচার নাকি ভালোবাসার ফাঁদ? জেনসেন হুয়াংয়ের পরকীয়ায় ট্রাম্পের সহানুভূতি ঘিরে রহস্য ঘনীভূত

মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া (Nvidia)-র সিইও জেনসেন হুয়াংয়ের গোপন পরকীয়া প্রেম ঘিরে বিশ্বজুড়ে তীব্র তোলপাড় শুরু হয়েছে। এক চিনা নারী গুপ্তচরের প্রেমে মার্কিন ধনকুবের মগ্ন, এই অভিযোগ সামনে আসার পর থেকেই প্রযুক্তি ও রাজনীতির জগতে নজিরবিহীন বিতর্ক তৈরি হয়েছে। তবে এমন গুরুতর আন্তর্জাতিক স্পর্শকাতর বিষয়ে মোটেই ক্ষুব্ধ নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং জেনসেন হুয়াংয়ের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ওই চিনা নারী যে আসলে বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন, সে বিষয়ে বিন্দুমাত্র ঘুণাক্ষরও জানতেন না এনভিডিয়া প্রধান। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, ঘটনাটি প্রকাশ্যে আসার পর তিনি জেনসেনকে ফোন করে তাঁর খোঁজখবর নিয়েছেন। ট্রাম্পের কথায়, “জেনসেন বর্তমানে প্রচণ্ড মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। উনি নিজের পরিবার ও স্ত্রীকে গভীরভাবে ভালোবাসেন, কিন্তু ঘটনাচক্রে আজ কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়েছেন।”

বিতর্কের কেন্দ্রে থাকা চিনা নির্বাহী অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে এনভিডিয়ার গোপন বাণিজ্যিক তথ্য ও মার্কিন সেনসিটিভ ডেটা চিনে পাচার করার গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি এই অভিযোগ ওঠার পর থেকে এফবিআই (FBI) ইতিমধ্যেই ঘটনার বিষদ তদন্ত শুরু করেছে। ট্রাম্প জানিয়েছেন, অ্যালিস যে চিনের এজেন্ট ছিলেন তা জেনসেন জানতেন না বলেই তাঁকে ব্যক্তিগতভাবে নিশ্চিত করেছেন এবং তিনি এনভিডিয়া প্রধানের কথা সম্পূর্ণ বিশ্বাস করেন।

প্রসঙ্গত, জেনসেন হুয়াং মার্কিন প্রশাসনের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। গত সেপ্টেম্বরে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরকালেও হোয়াইট হাউসের রাষ্ট্রীয় নৈশভোজে উপস্থিত ছিলেন এনভিডিয়ার এই প্রধান। তবে জাতীয় সুরক্ষার স্বার্থে মার্কিন গোয়েন্দা সংস্থা ঠিক কবে জেনসেন ও অ্যালিসের সম্পর্কের তথ্য ট্রাম্পকে দিয়েছিল, সে প্রশ্ন আপাতত এড়িয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।