আর শুধু বয়স্কদের রোগ নয়! তরুণদের মধ্যে হু হু করে বাড়ছে স্ট্রোকের আতঙ্ক, অজান্তেই কোন মারাত্মক ভুল করছেন আপনি?

স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণকে এতদিন মূলত বয়স্কদের রোগ হিসেবেই ধরে নেওয়া হতো। কিন্তু সাম্প্রতিক চিকিৎসাবিজ্ঞানের পরিসংখ্যান এবং আন্তর্জাতিক গবেষণা এক ভয়াবহ ও চাঞ্চল্যকর চিত্র তুলে ধরেছে। বর্তমানে কম বয়সি বা তরুণ প্রজন্মের মধ্যেও স্ট্রোকের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। যেখানে গত কয়েক দশকে প্রবীণদের মধ্যে স্ট্রোকের হার কিছুটা কমেছে, সেখানে ৫৫ বছরের কম বয়সিদের ক্ষেত্রে এই মারণ রোগের গ্রাফ ঊর্ধ্বমুখী।
পরিসংখ্যান অনুযায়ী, ইংল্যান্ডে ২০০১ থেকে ২০১০ সালের মধ্যে ৩৫ থেকে ৫৪ বছর বয়সিদের মধ্যে স্ট্রোকের হার প্রতি বছর প্রায় দুই শতাংশ করে বেড়েছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ থেকে ৫৪ বছর বয়সিদের মধ্যে এই হার ১৯৯৩ সালের প্রতি লাখে ৩৪টি থেকে বেড়ে ২০২০ সালে দাঁড়িয়েছে ৬২টিতে। এমনকি ২০২১ সালে সারা বিশ্বে ৫৫ বছরের কম বয়সি প্রায় ২৮ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের মতে, এর পিছনে রয়েছে আধুনিক জীবনযাত্রার মারাত্মক কিছু অভ্যাস এবং প্রধানত উচ্চ রক্তচাপ।
একটি আন্তর্জাতিক গবেষণায় দেখা গিয়েছে, স্ট্রোকের প্রায় ৯২ শতাংশ ঘটনার সঙ্গেই জড়িয়ে রয়েছে ১০টি প্রধান ঝুঁকি। এর মধ্যে কেবল উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার একাই প্রায় অর্ধেক ঘটনার জন্য দায়ী। এছাড়া উচ্চ কোলেস্টেরল, স্থূলতা, ডায়াবেটিস, ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, হৃদরোগ, অতিরিক্ত মদ্যপান এবং মাত্রাতিরিক্ত মানসিক চাপ তরুণদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। ব্রিটেনে ১৮ থেকে ৪৯ বছর বয়সি ১৭৬৫ জন স্ট্রোক রোগীর উপর চালানো এক সমীক্ষায় দেখা গেছে, তাদের মধ্যে ৪২ শতাংশই উচ্চ রক্তচাপে ভুগছিলেন, ২৪ শতাংশের কোলেস্টেরল ছিল বেশি এবং ১৪ শতাংশ ডায়াবেটিসের শিকার ছিলেন।
বিশেষ করে, ডায়াবেটিসে আক্রান্ত তরুণদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় প্রায় সাড়ে তিন গুণ বেশি এবং উচ্চ রক্তচাপ থাকলে এই ঝুঁকি আড়াই গুণ বেড়ে যায়। তবে উদ্বেগের বিষয় হলো, তরুণদের ক্ষেত্রে স্ট্রোকের লক্ষণগুলি অনেক সময়ই সাধারণ ক্লান্তি, মাইগ্রেন বা সাধারণ মাথাব্যথা ভেবে এড়িয়ে যাওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা গেছে, ১৮ থেকে ৪৪ বছর বয়সি বহু রোগীর ক্ষেত্রে স্ট্রোকের লক্ষণ উপেক্ষিত হওয়ায় তাঁদের সঠিক সময়ে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হয়নি। মুখের এক পাশ ঝুলে যাওয়া, হাত-পা দুর্বল হওয়া বা কথা বলতে সমস্যা হওয়ার পাশাপাশি মস্তিষ্কের পিছনের অংশে স্ট্রোক হলে ভারসাম্য হারানো, ঝাপসা দেখা, তীব্র ঘাড়ে ব্যথা বা মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়।
এই ধরনের লক্ষণ দেখা দিলে তা সামান্য ভেবে অবহেলা করা মারাত্মক ভুল হতে পারে। স্ট্রোকের ক্ষেত্রে ‘গোল্ডেন আওয়ার’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্ত জমাট বাঁধা দূর করার চিকিৎসা সাধারণত লক্ষণ প্রকাশের সাড়ে চার ঘণ্টার মধ্যে শুরু করতে হয়, অন্যথায় এটি প্রাণঘাতী হতে পারে। এই বিপদ এড়াতে বিশেষজ্ঞরা নিয়মিত রক্তচাপ, সুগার ও কোলেস্টেরল পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ধূমপান বর্জন, খাবারে লবণের পরিমাণ কমানো, ফাইবারযুক্ত খাবার খাওয়া এবং সপ্তাহে অন্তত ১৫০ মিনিট ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করা আবশ্যক। জীবনযাত্রায় সামান্য সচেতনতাই পারে তরুণ প্রজন্মকে এই নীরব ঘাতকের হাত থেকে রক্ষা করতে।