থালার ভাতে টান! এক দশক পর চাল উৎপাদনে ধস, কত টাকা কেজি হতে চলেছে চাল?

বাঙালির পাতে প্রতিদিনের ভাত থাকা চাই-ই চাই। সকালের জলখাবার হোক কিংবা দুপুরের পেটপুজো—ভাত ছাড়া যেন চলেই না। কিন্তু এবার সেই ভাতের চাল কেনাকাটা নিয়েই বড়সড় সংকটের মুখে পড়তে চলেছে সাধারণ মানুষ। চলতি অর্থবর্ষে দেশে চালের উৎপাদন আশঙ্কাজনকভাবে কমতে চলেছে বলে আনুষ্ঠানিকভাবে সতর্কবার্তা দিল কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। এক দশকেরও বেশি সময় পর ভারতে চালের ফলনে এমন ভয়াবহ পতনের পূর্বাভাস মিলল। স্বাভাবিকভাবেই জোগান কমলে বাজারে চালের দাম আকাশ ছোঁবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
কৃষি মন্ত্রকের দেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী, বিগত অর্থবর্ষে দেশে যেখানে চালের মোট উৎপাদন ছিল প্রায় ১৫.৪ কোটি টন, সেখানে চলতি অর্থবর্ষে তা কমে ১৪.৭ কোটি টনে নেমে আসতে পারে। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে দেশজুড়ে প্রায় ৭০ লক্ষ টন চালের চরম ঘাটতি তৈরি হতে চলেছে। ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে চালের এই বিপুল জোগান হ্রাস অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। মূলত পর্যাপ্ত বর্ষার অভাব এবং অনাবৃষ্টির কারণেই ধানের ফলনে চরম ধাক্কা লেগেছে।
তবে কেবল আবহাওয়া নয়, চালের সংকট তৈরির নেপথ্যে কাজ করছে আরও এক বড় কারণ—ইথানল উৎপাদন। পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানোর (E-20) লক্ষ্যমাত্রা পূরণ করতে খাদ্যশস্য ব্যবহারের হার অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। আখ ও ভুট্টার পাশাপাশি ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার (FCI) গুদামে থাকা চালও এখন দেদার ব্যবহার হচ্ছে জ্বালানি তৈরিতে। একদিকে খরায় ধান চাষে ধাক্কা, অন্যদিকে ইথানল তৈরিতে বিপুল চালের ব্যবহার—এই জোড়া ফলায় নিত্যপ্রয়োজনীয় চাল সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে।
ইতিমধ্যেই বাজারে চাল কিনতে গিয়ে পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। গত দশ বছর আগে দেশে যে চাল গড়ে ২৭ টাকা কেজি দরে পাওয়া যেত, বর্তমানে ব্র্যান্ড ও মানভেদে সেই চালের দাম প্রতি কেজিতে ৫৫ টাকা থেকে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। উৎপাদনে ৭০ লক্ষ টন ঘাটতি দেখা দিলে বাজারের ভারসাম্য আরও বিগড়ে যাবে। চালের বাজার শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, আপাতত সেদিকেই উদ্বেগের সঙ্গে নজর রাখছে আমজনতা।