“জ্যান্ত কেটে বস্তায় ভরে মাঝসাগরে ফেলে দেওয়া হয়!” নন্দীগ্রামে সিপিএম-তৃণমূলকে এক বন্ধনীতে রেখে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু!

নন্দীগ্রামের ঐতিহাসিক ‘রক্তাক্ত সূর্যোদয়’-এর বর্ষপূর্তিতে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে গিয়ে তৃণমূল ও সিপিএমকে এক বন্ধনীতে রেখে তীব্র আক্রমণ শানালেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটার আবহেই ঐতিহ্যবাহী ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি (BUPC)-র ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট বার্তা দেন যে, নন্দীগ্রামের বীর শহিদদের রক্তকে কোনো রাজনৈতিক স্বার্থ বা সরকারি ব্যানারে ব্যবহার করা যাবে না। আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম থেকেই এই লড়াইয়ের ইতিহাসকে বাঁচিয়ে রাখতে হবে।

মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ২০০৮ সাল থেকেই দলমত নির্বিশেষে রাজনৈতিক পতাকাহীনভাবে কেবল শহিদ পরিবার ও আন্দোলনকারীদের নিয়ে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান পালিত হয়ে আসছে। বর্তমানে ক্ষমতায় থাকা সত্ত্বেও সরকার বা রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার না করার এই ঐতিহ্য সচেতন নাগরিক ও শহিদ পরিবারের সহযোগিতায় আজও অটুট রয়েছে।

এরপরেই বাম আমলের সেই নৃশংস ও রক্তক্ষয়ী দিনগুলির স্মৃতি উসকে দিয়ে শুভেন্দু অভিযোগ করেন, ২০০৭ সালে কীভাবে আন্দোলনকারীদের উপর নির্বিচারে অত্যাচার চালিয়ে দেহ লোপাট করা হয়েছিল। তাঁর বিস্ফোরক দাবি, “শ্যামলী মান্না, আবদুর রেজাক করিমসহ মোট ১১ জনকে হাত বেঁধে জ্যান্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে সিপিএম অফিসে কেটে পিস পিস করা হয়। তারপর পলিথিন ব্যাগে মুড়ে মাঝসাগরে ফেলে দেওয়া হয়।” তৎকালীন সিপিএম নেতাদের ভূমিকার চরম সমালোচনা করে তিনি অভিযোগ জানান যে, দীর্ঘ সিআইডি তদন্ত হলেও সঠিক বিচার শেষ হয়নি। পাশাপাশি গুলিবিদ্ধদের গোপনে পুঁতে ফেলার চেষ্টার স্মৃতিও মনে করিয়ে দেন তিনি।

একইসঙ্গে তৃণমূল কংগ্রেসকে বিঁধে তাঁর রাজনৈতিক আক্রমণ আরও তীব্র রূপ নেয়। শুভেন্দু জোর গলায় দাবি করেন, “গত বছর আমি যা বলেছিলাম, মানুষ ছাব্বিশের নির্বাচনে তার যোগ্য জবাব দিয়েছে। আগামী ১০০ বছরও এদের আর দেখা যাবে না, তৃণমূলের নাম ও নিশানা দুটোই মুছে গিয়েছে।” বিধানসভায় ভরাডুবির পর এবার তৃণমূলের অনুপস্থিতির মাঝেই গেরুয়া রঙে সাজানো শহিদ বেদিতে প্রদীপ প্রজ্বলন ও নীরবতা পালনের মাধ্যমে শেষ হয় এই স্মারক কর্মসূচি।