মার্কিন আদালতের নজিরবিহীন পদক্ষেপ! ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সমন?

খালিস্তানি চরমপন্থী সংগঠন ‘সিকস ফর জাস্টিস’-এর প্রধান গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা একটি দেওয়ানি মামলায় ভারতের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে সমন জারির প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছে আমেরিকার একটি আদালত। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক সম্প্রতি এই সংক্রান্ত আদেশ কার্যকর করার পথ প্রশস্ত করেছেন। আদেশের পর আদালতের ক্লার্ক ভারতীয় আদালতে সমন পাঠানোর প্রয়োজনীয় নথি ও প্যাকেজ প্রস্তুতের কাজ শুরু করছেন।
২০২৪ সালে দায়ের করা ওই মামলায় পান্নুন দাবি করেন, ২০২৩ সালে নিউ ইয়র্কে তাঁকে হত্যার একটি ব্যর্থ ষড়যন্ত্র করা হয়েছিল, যার সঙ্গে ভারতীয় আধিকারিকদের যোগসূত্র রয়েছে। এই মামলায় ভারত সরকার, দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ‘র’ (R&AW)-এর প্রাক্তন প্রধান সামন্ত গোয়েলসহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ভারত সরকার পান্নুনকে অনেক আগেই আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করেছে এবং তাঁর সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে।
অতীতে হেগ কনভেনশনের মাধ্যমে সরাসরি সমন পাঠানোর উদ্যোগ ব্যর্থ হওয়ার পর, মার্কিন আদালত এবার ভারতীয় বিচারব্যবস্থার মাধ্যমেই সমন জারির কৌশল বেছে নিয়েছে। তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনি কাঠামোর অংশ হলেও, দুই দেশের কূটনৈতিক ও স্ট্র্যাটেজিক সম্পর্কের জায়গায় বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।
কূটনৈতিক মহলে এই ঘটনার প্রেক্ষাপটে পারস্পরিকতা বা ‘রেসিপ্রোসিটি’-র প্রশ্নও উঠছে। সম্প্রতি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সংবেদনশীল এলাকায় বেআইনি অনুপ্রবেশ এবং মায়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলিকে ড্রোন যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন নাগরিক ম্যাথু ভ্যানডাইকসহ কয়েকজনকে আটক করেছে ভারতের এনআইএ (NIA)। ভারত যদি একইভাবে মার্কিন আধিকারিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়, তবে ওয়াশিংটনের প্রতিক্রিয়া কী হবে, তা নিয়ে তৈরি হয়েছে জটিল প্রশ্ন। আন্তর্জাতিক আইনের এই বেড়াজাল ভারত-মার্কিন সম্পর্কে নতুন আলোচনার জন্ম দিচ্ছে।