মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত পোস্ট! কলকাতা পুলিশের ইনস্পেক্টর সাসপেন্ড হতেই তুলকালাম!

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলিশ আউটপোস্টের ইন-চার্জ, ইনস্পেক্টর ইকলাখ আহমেদকে সোমবার রাতে সাসপেন্ড করার নির্দেশ দেয় লালবাজার। অভিযোগ, একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট করেছিলেন তিনি, যা সরকারি সার্ভিস রুলের চরম লঙ্ঘন।

এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন রায়গঞ্জের সাম্প্রতিক বিতর্কিত এনকাউন্টার নিয়ে রাজ্য রাজনীতি চরম উত্তপ্ত। রায়গঞ্জের কুলিক জঙ্গল থেকে এক নাবালিকার পচাগলা দেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়ায়। তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত দিলীপ রায়কে চিহ্নিত করে পুলিশ। পরবর্তীতে বিহার সীমান্তে অভিযুক্তের উপস্থিতি টের পেয়ে অভিযান চালালে সে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে হাসপাতালে অভিযুক্তের মৃত্যু হয়।

এই ঘটনার পর বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়ে প্রশাসন। তবে সার্বিক পরিস্থিতির পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া সুর চড়িয়ে বলেন, “পুলিশকে আক্রমণ করতে এলে তারা কি রসগোল্লা খাওয়াবে নাকি? পুলিশের কি আত্মরক্ষার অধিকার নেই? অস্ত্র তো পকেটে রাখার জন্য নয়।”

একই সুর শোনা গেছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কণ্ঠেও। তিনি স্পষ্ট জানান, “পুলিশের ওপর গুলি চালালে তারা লাড্ডু ছুড়বে না। ধর্ষক ও অপরাধীদের বিরুদ্ধে সরকারের অবস্থান শূন্য সহনশীলতার।” জুলাই মাস থেকে প্রভাস মণ্ডল, প্রহ্লাদ দাস এবং সামাউল হকের পর রায়গঞ্জের এই ঘটনায় এনকাউন্টারের সংখ্যা বাড়ায় যেমন প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে কঠোর বার্তা দিল লালবাজার।