ব্যালকনি দিয়ে তাকাতেই গুলি!” গভীর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব!

কালীপুজোর আনন্দ ও আলোর উৎসবের মাঝেই তীব্র দুষ্কৃতী তাণ্ডব ও গুলি চালানোর ঘটনায় কেঁপে উঠল হুগলির রিষড়া। পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের নবীন পল্লী এলাকার বাসিন্দা তথা রিষড়া পুরসভার নোডাল অফিসার অসিতাভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে রবিবার গভীর রাতে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, তাঁকে প্রাণনাশের উদ্দেশ্যে গুলিও চালানো হয়। এই ঘটনায় দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে রিষড়া থানার পুলিশ।

গভীর রাতে জানলা-দরজায় ধাক্কা, ব্যালকনি লক্ষ্য করে গুলি

ঘটনার বিবরণে আতঙ্কিত পুর-আধিকারিক অসিতাভ গঙ্গোপাধ্যায় জানান, রবিবার রাত আনুমানিক আড়াইটে নাগাদ হঠাৎই তাঁর বাড়ির জানলা ও দরজায় জোরপূর্বক ধাক্কাধাক্কি শুরু করে কয়েকজন দুষ্কৃতী। হইচই শুনে তিনি পরিস্থিতি বুঝতে ঘরের ব্যালকনিতে এসে দাঁড়ান।

তিনি বলেন,

“রাত আড়াইটে নাগাদ যখন বাড়ির সামনে দুষ্কৃতীরা জড়ো হয়, তখন ব্যালকনি দিয়ে দেখার চেষ্টা করছিলাম কারা ওরা! সেই সময় আমাকে লক্ষ্য করে সোজাসুজি গুলি চালায় এক দুষ্কৃতী। প্রাণে বাঁচতে আমি দ্রুত ঘরের ভিতরে ঢুকে যাই।”

মদ-জুয়ার ঠেকে অভিযানের বদলা?

হঠাৎ কেন এই হামলা, তা নিয়ে প্রাথমিক ধারণা জানিয়েছেন আক্রান্ত পুর-আধিকারিক। কালীপুজোর ঠিক আগে এলাকায় বেআইনি মদ ও জুয়ার ঠেকে অভিযান চালিয়েছিল পুলিশ। অসিতাভবাবুর সন্দেহ, অসামাজিক কাজের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা মনে করেছে যে তিনিই পুলিশকে গোপন তথ্য দিয়েছিলেন। সেই প্রতিশোধ নিতেই কালীপুজোর রাতে তাঁর বাড়িতে ভাঙচুর ও গুলি চালানো হয়।

তিনি আরও জানান, হামলাকারীদের পরিচয় স্থানীয় এলাকাতেই। অভিযুক্তদের মধ্যে একজনের বাবা অত্যন্ত ভদ্রলোক এবং অন্যজন এলাকায় ব্যবসা করে। ঘটনা সত্ত্বেও তিনি স্পষ্ট জানিয়েছেন, অসামাজিক কাজ ও প্লাস্টিক-ভেজাল তেলের বিরুদ্ধে পুরসভার অভিযান কোনোভাবেই থামবে না।

তদন্তে পুলিশ, আটক দুই সন্দেহভাজন

ঘটনার পরই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দননগর পুলিশ কমিশনারেটের টিম। আজ, সোমবার সকালে পদ্মপুকুর পাড় এলাকার বাসিন্দা বাবাই আইচ এবং সুভাষ নগরের বাসিন্দা সঞ্জীব শিকদার নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। আক্রান্ত আধিকারিকের লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে এবং তাঁদের বেআইনি জুয়া-সাট্টা চক্রের সাথে যোগ রয়েছে বলে দাবি।

চন্দননগর পুলিশ কমিশনারেটের এক জ্যেষ্ঠ আধিকারিক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আসাধু চক্র ও দুষ্কৃতীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উন্মোচনে আটকদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।