প্রথম গেমে হার, তারপর সোজা ইতিহাস! মধ্যপ্রদেশের ছেলের অবিশ্বাস্য কামব্যাকে স্তব্ধ বিশ্ব দাবা জগৎ

ভারতীয় দাবা জগতের মুকুটে যুক্ত হল আরও এক উজ্জ্বল ও ঐতিহাসিক অধ্যায়। বিশ্বমঞ্চে একের পর এক চোখধাঁধানো সাফল্যের হাত ধরে ভারতীয় দাবার গ্রাফ যখন লাগাতার ঊর্ধ্বমুখী, ঠিক তখনই দীপাবলির আবহে এল এক অবিস্মরণীয় সুখবর। রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানির পর বিশ্বের মাত্র চতুর্থ দেশ হিসেবে ভারত অর্জন করল শততম গ্র্যান্ডমাস্টার (GM)-এর ঐতিহাসিক মাইলফলক। রবিবার ফিলিপিন্সের মাটিতে অনুষ্ঠিত সপ্তম এশিয়ান প্লাস ব্যক্তিগত ওপেন চেজ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে দেশের শততম গ্র্যান্ডমাস্টার হিসেবে নিজের নাম অমর করলেন অনুজ শ্রীবাস্তব। একইসঙ্গে তিনি মধ্যপ্রদেশের প্রথম দাবাড়ু হিসেবে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনের গৌরব অর্জন করলেন।
গত জুলাই মাসে ভিএস রতনভেল দেশের ৯৯তম গ্র্যান্ডমাস্টার হওয়ার পর থেকেই গোটা দেশের দাবা প্রেমীদের নজর ছিল ঐতিহাসিক শততম গ্র্যান্ডমাস্টারের দিকে। শেষমেশ রবিবার সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে দিলেন ২৫ বছর বয়সি তরুণ দাবাড়ু অনুজ। যদিও ফিলিপিন্সের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের শুরুটা একেবারেই ভালো হয়নি তাঁর। উদ্বোধনী খেলায় পরাজয়ের মুখ দেখে প্রতিযোগিতা শুরু করেছিলেন তিনি। তবে সমস্ত প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে অবিশ্বাস্য এক কামব্যাক করেন এই ভারতীয় দাবাড়ু। দুর্দান্ত ছন্দে খেলে নবম রাউন্ডের শেষে ৭ পয়েন্ট ঝুলিতে পুড়লেন তিনি। আর এর মাধ্যমেই প্রতিযোগিতার শিরোপা জয়ের পাশাপাশি গ্র্যান্ডমাস্টার খেতাব পাওয়ার প্রয়োজনীয় লক্ষ্যও সফলভাবে পূরণ করে ফেলেন অনুজ। ২০২০ সালে আন্তর্জাতিক মাস্টার (IM) নর্ম অর্জন করে রাজ্যের কনিষ্ঠতম দাবাড়ুর খেতাব জিতেছিলেন তিনি। দীর্ঘ ছ’বছরের কঠোর লড়াই, নাছোড়বান্দা জেদ আর নিরলস পরিশ্রামের পর অবশেষে রবিবার তাঁর নামের পাশে যুক্ত হলো কাঙ্খিত গ্র্যান্ডমাস্টার তকমা।
দিওয়ালির রাতে অনুজের এই অনন্য কীর্তি গোটা দেশের দাবা জগতকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। দেশের এই শততম গ্র্যান্ডমাস্টারকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার তথা কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি লিখেছেন, “শুভ দীপাবলি। ১০০তম গ্র্যান্ডমাস্টারের এই সাফল্য যেন ঠিক একশো বাজির ধামাকা। অনুজ শ্রীবাস্তবকে অভিনন্দন ভারতকে এই ঐতিহাসিক মাইলফলকে পৌঁছে দেওয়ার জন্য।” উল্লেখ্য, ১৯৮৭ সালের ডিসেম্বরে দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন আনন্দ নিজে। অর্থাৎ, ভারতের শততম গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করতে সময় লাগল দীর্ঘ ৩৮ বছর। অনুজের এই অভাবনীয় সাফল্যের পর ভারতীয় দাবা প্রেমীদের নজর এখন ডোম্মারাজু গুকেশের দিকে, যিনি চলতি মাসের শেষেই উজবেকিস্তানের জাভোখির সিন্দারোভের বিরুদ্ধে নিজের বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব রক্ষার মহাযুদ্ধে নামবেন।