সোশ্যাল মিডিয়ার অন্ধ অনুকরণে রক্তের হোলি! কুখ্যাত অপরাধের এমন হাড়হিম করা কাহিনী দেখলে শিউরে উঠবেন

টাকা রোজগারের অন্ধ নেশা মানুষকে কতটা নিষ্ঠুর ও পিশাচ করে তুলতে পারে, তার এক ভয়াবহ এবং লোমহর্ষক চিত্র সামনে এল। ছত্তিশগড়ের যশপুর জেলার লোধেনাপাথ মাহুয়া গ্রামে ঘটেছে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। আর্থিক উন্নতির শর্টকাট রাস্তা খুঁজতে গিয়ে এক ব্যক্তি নিজের মামাতো ভাইয়ের মাত্র চার বছরের নিষ্পাপ সন্তানকে চরম নির্মমতায় খুন করেছে। শুধু তাই নয়, খুনের পর মৃতদেহ থেকে কিডনি, ফুসফুস এবং চোখ উপড়ে নেওয়ার মতো পৈশাচিক কায়দায় অঙ্গ বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে অভিযুক্ত কাকার বিরুদ্ধে। এই রোমহর্ষক ঘটনায় গোটা এলাকায় ত্রাস ও চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গিয়েছে, ২৭ বছরের অভিযুক্ত বাসুদেব ওরফে টাঙ্গনু নামের ওই দিনমজুর নিজের বর্তমান উপার্জনে সন্তুষ্ট ছিল না। সে দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন দেখত এবং অতিরিক্ত টাকা রোজগারের লোভে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অপরাধমূলক ও শর্টকাট উপায় খুঁজত। সোশ্যাল মিডিয়ার কোনো এক অন্ধ প্ররোচনা থেকেই তার মাথায় শিশুদের শরীরের মহামূল্যবান অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে রাতারাতি ধনী হওয়ার এই ভয়ংকর পরিকল্পনা মাথায় আসে। গত ৫ নভেম্বর এই পরিকল্পনা বাস্তবায়িত করতে সে চার বছরের শিশুটিকে বেড়াতে নিয়ে যাওয়ার ছলে ফুসলিয়ে বাড়ি থেকে দূরে নিয়ে যায়। পথে সে নিজে মদ ও মুরগির মাংস কিনে খায় এবং অবুঝ শিশুটিকেও জোর করে মদ্যপান করায়। শিশুটি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে পৈশাচিকভাবে হত্যা করে সে।
পুলিশ জানিয়েছে, খুন করার পরই থামেনি ওই নরপিশাচ। শিশুটির নিথর দেহ থেকে অত্যন্ত নিখুঁতভাবে কিডনি, ফুসফুস এবং চোখ বের করে একটি প্লাস্টিকের বালতিতে ভরে রাখে সে। এরপর গত ৭ নভেম্বর সান্না থানায় শিশুটির নিখোঁজ ডায়েরি দায়ের করেন তার বাবা রামজিৎ রাম। রবিবার যশপুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ লাল উমেদ সিং এক সাংবাদিক সম্মেলনে জানান, শনিবার পরিবারের লোকজনের সঙ্গে খোঁজাখুঁজির সময় ভুট্টাখেতের কাছে একটি জলভর্তি গর্তের মধ্যে বস্তাবন্দি অবস্থায় শিশুটির ক্ষতবিক্ষত দেহ দেখতে পান তার বাবা। কম্বল ও লেপে মুড়ে গর্তের মধ্যে মাটির নিচে অত্যন্ত সুকৌশলে দেহটি লুকিয়ে রাখা হয়েছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ সন্দেহভাজন হিসেবে চালনি গোরাপাথ গ্রামের বাসিন্দা বাসুদেবকে আটক করে। দীর্ঘক্ষণ জেরা করার পর অবশেষে পুলিশের কাছে সে নিজের এই অপরাধের কথা স্বীকার করে নিয়েছে। দ্রুত বড়লোক হওয়ার লালসা কীভাবে একটি মানুষকে রক্তপিপাসু দানবে পরিণত করতে পারে, এই ঘটনা তারই এক অন্যতম দৃষ্টান্ত হয়ে রইল।