২০২৮-এর আগেই ভারতের নিজস্ব ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোন! চিপ থেকে ডিজাইন, বদলে যাচ্ছে গেম

দেশে স্মার্টফোন উৎপাদন ও টেকনোলজি ক্ষেত্রকে সম্পূর্ণ আত্মনির্ভর করে তুলতে এবার পিএলআই (PLI) স্কিমের দ্বিতীয় সংস্করণ বা ‘পিএলআই ২.০’ নিয়ে বড়সড় পরিকল্পনা গ্রহণ করছে মোদী সরকার। এতদিন পর্যন্ত ভারতে মূলত বিভিন্ন যন্ত্রাংশ জোড়া লাগানোর (অ্যাসেম্বলি) কাজ প্রাধান্য পেলেও, নতুন এই স্কিমে দেশীয় ডিজাইন, গবেষণা ও ডেভেলপমেন্টের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হবে। লক্ষ্য একটাই—বিদেশি নির্ভরতা কমিয়ে ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোনকে সার্বিকভাবে স্বাবলম্বী করে তোলা।
প্রথম পর্যায়ের পিএলআই স্কিমে যেখানে সরকার ৪,১১৫ কোটি টাকার বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরেছিল, সেখানে অবিশ্বাস্যভাবে প্রায় ৬,০৭৩ কোটি টাকার বিনিয়োগ এসেছে। এই অভূতপূর্ব সাফল্যের পরই টেলিযোগাযোগ ও স্মার্টফোন খাতের জন্য দ্বিতীয় পর্যায়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে, ২০২৮ সালের অক্টোবরের মধ্যেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ও ডিসাইন করা নির্ভরযোগ্য ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোন ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করবে।
যদিও এই উদ্যোগের মধ্যেই বিরোধী শিবিরের কটাক্ষের মুখে পড়তে হয়েছে সরকারকে। এক বিরোধী নেতার দাবি ছিল “দেশে ম্যানুফ্যাকচারিং তো মরেই গেছে”, যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তব চিত্র একেবারেই ভিন্ন; পিএলআই স্কিমের ধাক্কায় দেশে তৈরি হয়েছে লক্ষ লক্ষ কর্মসংস্থান এবং ভারত আজ বিশ্বের অন্যতম বৃহত্তম মোবাইল উৎপাদন হাব হিসেবে উঠে এসেছে। শুধু স্মার্টফোন নয়, নতুন স্কিমে অপটিক্যাল ফাইবার, রাউটার ও বেস স্টেশনের মতো টেলিযোগাযোগ সরঞ্জাম তৈরিতেও বিশেষ জোর দেওয়া হবে, যা ৫জি ও ৬জি যুগে ভারতের জাতীয় নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে।