শব্দবাজির দাপটে স্তব্ধ তিলোত্তমা! দীপাবলির রাতে নিয়ম ভাঙতেই জালে শত শত অভিযুক্ত

আদালত ও প্রশাসনের স্পষ্ট নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে কালীপুজোর রাতে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগ উঠল কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে। নিয়ম ভাঙার বিরুদ্ধে রাতভর শহর জুড়ে অভিযান চালায় কলকাতা পুলিশ। নিষিদ্ধ বাজি পোড়ানো, বেআইনি মদ বিক্রি এবং বিশৃঙ্খল আচরণের অপরাধে মোট ৫৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র নিষিদ্ধ শব্দবাজি পোড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২০৫ জনকে এবং বাকি ৩৮৭ জনকে অসংযত আচরণের জন্য পাকড়াও করা হয়েছে।

অভিযান চালিয়ে পুলিশ মোট ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি এবং ৬ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে। অন্যদিকে, ট্রাফিক আইন ভাঙার বিরুদ্ধেও চলে কড়া অভিযান। হেলমেট ছাড়া বাইক চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং বেপরোয়া গতির অভিযোগে মোট ৫৯৩ জন চালকের বিরুদ্ধে মামলা রুজু করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। নিয়ম অনুযায়ী উৎসবের রাতে শুধুমাত্র অনুমোদিত গ্রিন ক্র্যাকার পোড়ানোর অনুমতি থাকলেও তা মানেননি শহরের বহু বাসিন্দা, যার ফলে গভীর রাত পর্যন্ত বজায় ছিল শব্দবাজির তাণ্ডব।