শেখ, পাতিল, পাওয়ার— ড্রাফট ভোটার তালিকায় বাদ কোটি কোটি নাম! নতুন বিতর্কে তোলপাড় রাজনীতি

মহারাষ্ট্রে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনরীক্ষণ (SIR) প্রক্রিয়া ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও রাজনীতির পারদ। প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, এসআইআর প্রক্রিয়ার পর রাজ্যের প্রায় ২.০৭ কোটি ভোটারের নাম খসড়া (ড্রাফট) ভোটার তালিকা থেকে উধাও হয়ে গিয়েছে। এই বিপুল সংখ্যক নাম বাদ পড়ার ফলে রাজ্যের অন্তত ১৯০টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলে সরাসরি প্রভাব পড়তে পারে বলে দাবি করা হয়েছে। এমনকি বেশ কিছু আসনে যে সংখ্যক ভোটারের নাম কাটা গিয়েছে, তা গত ২০২৪ সালের নির্বাচনে জয়ী প্রার্থীর জয়ের ব্যবধানের চেয়েও অনেক বেশি।
রিপোর্টে আরও বিস্ফোরক তথ্য সামনে এসেছে। বাদ পড়া ভোটারদের তালিকায় শেখ, পাতিল, খান, যাদব এবং পাওয়ার পদবির মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়া পুরুষদের তুলনায় নারীদের নাম উধাও হওয়ার হার প্রায় দ্বিগুণ (২.২ গুণ), যার প্রধান কারণ বিয়ের পর ঠিকানা বদল। মুম্বাই ও ঠাণেতেই সবচেয়ে বেশি ভোটারের নাম কাটা পড়েছে। অভিযোগ উঠেছে যে, খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারদের ৮৩.২ শতাংশ মানুষই জীবিত এবং তাঁদের মধ্যে ৪৬ শতাংশের বয়স ৪০ বছরের নিচে। এদিকে কলকাতাভিত্তিক ‘সবর ইনস্টিটিউট’-এর প্রধান সাবির আহমেদ দাবি করেছেন, ভোটার তালিকা তৈরিতে ব্যবহৃত সফটওয়্যারের প্রযুক্তিগত ত্রুটির কারণেই এত বড় গোলমাল ঘটেছে।
তবে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের স্পষ্ট বার্তা, এসআইআর প্রক্রিয়া এখনও শেষ হয়নি। খসড়া তালিকায় নাম না থাকার মানেই চূড়ান্ত বাদ পড়া নয়। ভুলত্রুটি সংশোধনের কাজ চলছে। কমিশন আরও জানিয়েছে, নাম বাদ পড়ার বড় কারণ ভোটারদের মৃত্যু ও স্থানাস্তরিত হওয়া। আর যেসব যোগ্য ভোটারের নাম ড্রাফট লিস্টে নেই, তাঁদের আগামী ১৬ নভেম্বরের মধ্যে সংশোধন ফর্ম জমা দিয়ে পুনরায় নাম নথিভুক্ত করার সুযোগ দেওয়া হয়েছে।