ধনতেরাসের আনন্দ নিমেষে বিষাদ! ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সীতাপুরে নিহত ৫, আহত ১৭

উৎসবের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হলো উত্তরপ্রদেশের সীতাপুরে। ধনতেরাসের পবিত্র দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল পুরো এলাকা। পিসাওয়ান থানা এলাকার হিম্মতনগরে কোলহাঘাট সেতুর কাছে একটি দ্রুতগামী ট্রাক সজোরে পেছন থেকে ধাক্কা মারে একটি যাত্রীবাহী ট্রাক্টর-ট্রলিকে। ভয়াবহ এই সংঘর্ষের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর-ট্রলিটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় অন্তত ১৭ জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, সীতাপুরের বারিগাওয়ান গ্রামের বেশ কিছু গ্রামবাসী প্রতিবেশী হারদোই জেলার রায়পুর মাথিয়া এলাকা থেকে একটি মুণ্ডন অনুষ্ঠান সেরে ট্রাক্টর-ট্রলিতে চেপে বাড়ি ফিরছিলেন। ট্রলিতে প্রচুর মানুষ বসা ছিলেন। কোলহাঘাট সেতুর কাছে পৌঁছানোর পরই পিছন থেকে আসা একটি ঘাতক ট্রাক অত্যন্ত দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে ট্রলিটিতে। ধাক্কাটি এতটাই মারাত্মক ছিল যে মুহূর্তের মধ্যে ট্রাক্টর-ট্রলিটি উল্টে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং যাত্রীরা গুরুতরভাবে পিষ্ট হন।
দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান এবং পুলিশকে খবর দেন। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধনতেরাসের রাতে এমন এক হৃদয়বিদারক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।