চলন্ত ট্রেনে দাউদাউ করে জ্বলল আগুন! পাতিয়ালায় কর্মভূমি এক্সপ্রেসের ৪টি কামরা ভস্মীভূত?

পঞ্জাবের পাতিয়ালা জেলায় চলন্ত ট্রেনে ঘটল এক চরম ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার রাজপুরার কাছে সরাই বাঞ্জারা গ্রামের কাছে কর্মভূমি এক্সপ্রেস অতিক্রম করার সময় আচমকাই ট্রেনের কামরা থেকে দাউদাউ করে আগুন ও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ৪টি কামরায় ধোঁয়া ছড়িয়ে পড়ায় ট্রেনজুড়ে ব্যাপক আতঙ্ক ও হাহাকার ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে ব্রেক কষতেই তাড়াহুড়ো করে ট্রেন থেকে নিচে লাফিয়ে পড়েন শত শত যাত্রী।
স্থানীয় সূত্রের খবর, রাজপুরা এলাকা পার করার সময়ই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সামনে আসে। ট্রেনের বগি থেকে আগুনের শিখা ও আকাশে কুচকুচে কালো ধোঁয়া দেখে আশেপাশের এলাকার মানুষও আতঙ্কে ছুটে আসেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আতঙ্কে দিশেহারা যাত্রীরা জিনিসপত্র ফেলে ট্রেনের বাইরে রেললাইনের ওপর দাঁড়িয়ে রয়েছেন। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রেল প্রশাসন ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
টাইমস অফ ইন্ডিয়া ও এবিপি নিউজের প্রতিবেদন অনুযায়ী, কর্মভূমি এক্সপ্রেসের ৪টি কামরা এই আগুনে ক্ষতিগ্রস্ত হলেও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে এই আগুন লেগেছে, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে রেলওয়ে টেকনিক্যাল টিম।
উৎসবের মরসুমে যাত্রী ভিড়ে ঠাসা চলন্ত ট্রেনে এই ধরনের ভয়াবহ ঘটনায় যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত, তা নিয়ে রেলের আনুষ্ঠানিক চূড়ান্ত বিজ্ঞপ্তির অপেক্ষা করা হচ্ছে।