আদিপুরুষের থেকেও কম ওপেনিং! বিশ্বজুড়ে মেগা রিলিজের পরেও বক্স অফিসে কেন ধাক্কা খেল রামায়ণ?

বিশ্বজুড়ে বিপুল সংখ্যক পর্দায় মুক্তি, রণবীর কাপুর ও যশের মতো তারকা এবং পজিটিভ দর্শক প্রতিক্রিয়া সত্ত্বেও প্রথম দিনের বক্স অফিসে প্রত্যাশিত ফল পেল না বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। প্রায় ১৬০০ কোটি টাকা ব্যয়ে তৈরি এবং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল এই ছবি মুক্তির প্রথম দিনে ভারতের বাজারে নিট আয় করেছে প্রায় ৬৪.৮৫ কোটি টাকা। এর মধ্যে হিন্দি ভাষা থেকেই এসেছে প্রায় ৪৭ কোটি টাকা এবং দেশজুড়ে টিকিট বিক্রির সংখ্যা ছিল আনুমানিক ২৫ লক্ষ। আইম্যাক্সের মতো প্রিমিয়াম ফরম্যাটে বেশি দামের টিকিট বিক্রি হওয়া সত্ত্বেও এত বড় পরিসরে মুক্তির পর প্রথম দিনের ব্যবসা প্রত্যাশিত উচ্চতায় পৌঁছাতে পারেনি। তিন বছর আগে মুক্তি পাওয়া এবং সমালোচনার মুখে পড়া প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’-এর প্রথমদিনের ৮৬.৭৫ কোটি টাকার ওপেনিং-কে ছাপিয়ে যেতে ব্যর্থ হয়েছে ছবিটি।

বিশ্লেষকদের মতে, ‘রামায়ণ’-এর মুক্তির পরিসর ছিল অনন্য। সোনি পিকচার্সের হাত ধরে ভারতের বাইরে প্রায় ৫০ হাজার পর্দায় এবং ভারতে প্রায় ৮-৯ হাজার পর্দায় ছবিটি প্রদর্শিত হয়। অথচ এত বড় আন্তর্জাতিক রিলিস সত্ত্বেও প্রথম দিনের আন্তর্জাতিক আয় দাঁড়ায় আনুমানিক ৫৩ লক্ষ ডলার। যেখানে মাত্র ৩০০০টি বিদেশি পর্দায় মুক্তি পেয়ে ‘আদিপুরুষ’ প্রথম দিনে প্রায় ৩০ লক্ষ ডলার আয় করেছিল। ‘আদিপুরুষ’-এর ক্ষেত্রে দক্ষিণ ভারতের বাজারে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় প্রভাসের বিপুল জনপ্রিয়তা এবং প্রায় ৫৫ লক্ষ টিকিট বিক্রি প্রথম দিনের ব্যবসাকে অনেক এগিয়ে দিয়েছিল। শুধু বেশি সংখ্যক পর্দায় ছবি মুক্তি দিলেই বক্স অফিসে রেকর্ড তৈরি হয় না, বরং দর্শককে প্রেক্ষাগৃহে টানার জন্য দীর্ঘমেয়াদি আগ্রহ এবং বিপণনের সঠিক কৌশল প্রয়োজন—এই প্রশ্নই এখন সামনে এনেছে ‘রামায়ণ’-এর প্রথম দিনের বক্স অফিস পরিসংখ্যান।