ভূত চতুর্দশীতে কতক্ষণ থাকবে তিথি? প্রদীপ জ্বালানো ও ১৪ শাক খাওয়ার সঠিক সময় জেনে নিন পঞ্জিকা মতে

দুর্গাপুজোর আনন্দের পর লক্ষ্মীপুজো মিটতেই দোরগোড়ায় কড়া নাড়ছে আলোর উৎসব কালীপুজো। আর কালীপুজোর ঠিক আগের দিন সন্ধে মানেই বাঙালির ঘরে ঘরে ভূত চতুর্দশীর আবহ। ছোটবেলার সেই চেনা ব্যস্ততা—সন্ধ্যা নামলেই ১৪টি প্রদীপ নিয়ে বাড়ির আনাচে-কানাচে সাজিয়ে তোলা এবং দুপুরে পাতে ১৪ শাকের নিয়ম পালন করা। লোকবিশ্বাস অনুযায়ী, ভূত চতুর্দশীর এই বিশেষ তিথিতেই পূর্বপুরুষরা মর্ত্যে নেমে আসেন। তাঁদের অন্ধকার দূর করে পথ দেখাতে এবং গৃহের অশুভ শক্তি তাড়াতেই এই প্রদীপের আলোর রোশনাই ছড়ানো হয়। তবে এ বছর ঠিক কোন সময়ে তিথি শুরু ও শেষ হচ্ছে, তা নিয়ে বিভ্রান্তি এড়াতে দেখে নিন বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ভূত চতুর্দশীর সঠিক সময়সূচি।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, ভূত চতুর্দশীর তিথি শুরু হচ্ছে আগামী ২১ কার্তিক (৭ নভেম্বর, শনিবার)। ওই দিন সকাল ১০টা ৪৯ মিনিটে তিথি সূচনা হবে এবং শেষ হবে ২২ কার্তিক (৮ নভেম্বর, রবিবার) সকাল ১১টা ২৮ মিনিটে। অন্যদিকে, সাবেকি ও বনেদি বাড়িতে বহুল প্রচলিত গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, ভূত চতুর্দশী শুরু হচ্ছে ২০ কার্তিক (৭ নভেম্বর, শনিবার) সকাল ১০টা ৩৮ মিনিট ৩৩ সেকেন্ডে এবং তিথি শেষ হবে ২১ কার্তিক (৮ নভেম্বর, রবিবার) সকাল ১০টা ৪৬ মিনিট ৫৮ সেকেন্ডে। দুটি পঞ্জিকার সময়ে সামান্য মিনিটের পার্থক্য থাকলেও মূল আচার-অনুষ্ঠান ও ১৪ প্রদীপ প্রজ্জ্বলন ৭ নভেম্বর শনিবার বিকেল ও সন্ধ্যায় পালন করাই শাস্ত্রসম্মত।