কাস্টিং থেকে মিউজিক—সব কিছুতেই নাক গলায় নতুনরা! বলিউডের তরুণ তারকাদের আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন ফারাহ খানের

বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও বিখ্যাত কোরিওগ্রাফার ফারাহ খান তাঁর ঠোঁটকাটা স্বভাব ও স্পষ্টভাষিতার জন্য সব সময়ই চর্চায় থাকেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আজকের নতুন প্রজন্মের অভিনেতাদের কাজের ধারা এবং তাঁদের মানসিকতা নিয়ে কড়া প্রশ্ন তুলেছেন তিনি। নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর জনপ্রিয় শো ‘ডাবল ডেট’-এ উপস্থিত হয়ে ফারাহ খান দাবি করেন যে, বর্তমানের নবাগত অভিনেতারা নিজেদের যোগ্যতা নিয়ে ভীষণ নিরাপত্তাহীনতায় ভোগেন এবং তাঁদের আত্মবিশ্বাসের তীব্র অভাব রয়েছে।
ফারাহর কথায়, “আজকের নবাগত অভিনেতারা কাউকেই বিশ্বাস করতে পারেন না, এমনকি যে পরিচালকের সঙ্গে কাজ করছেন তাঁকেও না।” তিনি অভিযোগ তোলেন যে, নতুন অভিনেতারা শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকেন না, বরং কোরিওগ্রাফি, গান নির্বাচন থেকে শুরু করে ছবির কাস্টিং—সব কিছুতেই হস্তক্ষেপ করার চেষ্টা করেন। নিজের ক্ষমতার ওপর পূর্ণ আস্থা থাকলে কোনো অভিনেতা দলের বাকি সদস্যদের বা পরিচালকের ওপর সন্দেহ তৈরি করতেন না বলে মন্তব্য করেন ফারাহ।
এই প্রসঙ্গে শাহরুখ খানের অনন্য উদাহরণ টেনে এনে ফারাহ বলেন, “আমি যখন ‘ম্যায় হুঁ না’ ছবিতে সুস্মিতা সেনকে কাস্ট করার সিদ্ধান্ত নিই, তখন শাহরুখ একটি প্রশ্নও তোলেননি। একইভাবে ‘ওম শান্তি ওম’-এ সম্পূর্ণ অনভিজ্ঞ নতুন মুখ দীপিকা পাডুকোনকে নায়িকা করতে চাইলে শাহরুখ শুধু ছবি দেখে বলেছিলেন—ফারাহর যদি পছন্দ হয়, তবে তাঁর কোনো আপত্তি নেই।”
পরিশেষে ফারাহ খান বলেন যে বলিউডে প্রকৃত ‘সুপারস্টার’-দের দিন শেষ হয়ে এসেছে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান এবং অক্ষয় কুমারই হলেন শেষ প্রজন্মের আসল সুপারস্টার। সালমানের কাজের নিষ্ঠার প্রশংসা করে তিনি জানান, সালমান কোনো দিন শুটিংয়ের মাঝে অনাবশ্যক ছুটি চান না। তরুণ প্রজন্মের উচিত এই কিংবদন্তিদের কাছ থেকে শেখা, কারণ এরা চলে গেলে বলিউডের এই স্বর্ণযুগ আর ফিরে আসবে না।