রাজ্য রাজনীতিতে বড় রদবদলের গুঞ্জন! ট্রেনে চড়ে সোজা বাংলায় আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সাংগঠনিক পরিকাঠামোয় বড় ধরনের রদবদলের ইঙ্গিত মিলেছিল আগেই। আর সেই জল্পনাকে উস্কে দিয়ে আগামিকাল, বৃহস্পতিবার সকালেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। বিশেষ সূত্রে খবর, সড়কপথের বদলে এবার ট্রেনে চড়েই বাংলায় পা রাখছেন তিনি। সরাসরি এসে নামবেন গুরুত্বপূর্ণ বর্ধমান স্টেশনে।
বর্ধমানের ‘উল্লাস’ এলাকায় অবস্থিত সঙ্ঘের কার্যালয়ে আজ একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সফরসূচি অনুযায়ী, উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গ— রাজ্যের এই তিন অংশের স্বয়ংসেবকদের পাশাপাশি পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান বিভাগের ক্ষেত্র প্রমুখদের সঙ্গেও আলাদা করে বৈঠক করবেন মোহন ভাগবত।
রাজনৈতিক মহলের মতে, বর্তমান পরিস্থিতিতে রাজ্যে সংঘের শাখা কতটা প্রসারিত হয়েছে এবং আগামী এক বছরে সংগঠনের কার্যক্রম কোন পথে পরিচালিত হবে, সেই বিষয়ে স্পষ্ট রূপরেখা ও নির্দেশিকা তৈরি করতেই এই মেগা সফর। উল্লেখ্য, মোহন ভাগবতের এই সফরে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন সঙ্ঘের সাধারণ সম্পাদক বা সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবোলে। বৃহস্পতিবার বিকেলের মধ্যেই তাঁর দিল্লি বা আগের গন্তব্যে ফিরে যাওয়ার কথা রয়েছে। সংঘের এই হাই-প্রোফাইল সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা।