আজ থেকেই মিলবে না রান্নার গ্যাসের ভর্তুকি! অ্যাকাউন্ট টাকা না ঢুকলে ঝটপট করে নিন এই জরুরি কাজটি

আপনি কি নিয়মিত রান্নার গ্যাসের ভর্তুকি পেয়ে থাকেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১ অক্টোবর অর্থাৎ আজ থেকেই কেন্দ্র সরকারের তরফে রান্নার গ্যাসের ভর্তুকি পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, গৃহস্থের রান্নার গ্যাসের ভর্তুকি পেতে এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বা ই-কেওয়াইসি (e-KYC)।

আপনি যদি এখনও এই প্রক্রিয়াটি সম্পন্ন না করে থাকেন, তবে আজ থেকেই বন্ধ হয়ে যেতে পারে আপনার ভর্তুকির টাকা। অর্থাৎ, এরপর থেকে আপনাকে পুরো দাম দিয়েই রান্নার গ্যাস কিনতে হবে। গত ২০ সেপ্টেম্বর কেন্দ্র সরকারের তরফে জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে, ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার পেতে চাইলে বায়োমেট্রিক আধার যাচাই বাধ্যতামূলক। সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো—ভর্তুকির অপব্যবহার রোধ করা, নকল বা ভুয়া সংযোগ বাতিল করা এবং প্রকৃত গ্রাহকদের কাছে সঠিক উপায়ে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া।

কারা এই নিয়মের আওতায় পড়ছেন?

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যেই দেশের প্রায় ২৭.৪৩ কোটি গ্রাহক এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে ফেলেছেন। যাঁদের ই-কেওয়াইসি করা রয়েছে, তাঁদের নতুন করে আর কিছু করার প্রয়োজন নেই। কিন্তু যাঁদের এই যাচাইকরণ বাকি রয়েছে, তাঁদের যত দ্রুত সম্ভব এই কাজ সেরে ফেলতে হবে। অন্যথায় ভর্তুকির টাকা থেকে বঞ্চিত হতে পারেন তাঁরা। গ্যাসের যেকোনো সমস্যায় সহায়তার জন্য গ্রাহকরা কেন্দ্রীয় সরকারের ১৮০০ ২৩৩৩ ৫৫৫ এই টোল-ফ্রি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।

ঘরে বসে কীভাবে করবেন e-KYC?

যাঁরা ঘরে বসেই এই কাজ সারতে চান, তাঁরা নিচের সহজ পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন: ১. আপনার মোবাইলে সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির অ্যাপ (ইন্ডিয়ান অয়েল, এইচপি বা ভারত গ্যাস) ডাউনলোড করুন। ২. এর পাশাপাশি ফোনে ‘আধার ফেসআরডি’ (Aadhaar FaceRD) অ্যাপটি ইনস্টল করে রাখুন। ৩. মোবাইল নম্বর বা এলপিজি আইডি দিয়ে গ্যাস অ্যাপে লগইন করুন। ৪. এরপর ই-কেওয়াইসি বা আধার যাচাইকরণ অপশনটি সিলেক্ট করুন। ৫. আপনার মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কি না যাচাই করে আধার সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিন। ৬. ‘আধার ফেসআরডি’ অ্যাপের সাহায্যে নিজের মুখ স্ক্যান করে ফেস অথেন্টিকেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। ৭. সমস্ত ধাপ সফলভাবে হয়ে গেলে তা সাবমিট করে দিন।

স্মার্টফোন না থাকলে কী করবেন?

যাঁদের কাছে স্মার্টফোন নেই বা এই ডিজিটাল প্রক্রিয়ায় অভ্যস্ত নন, তাঁরা আতঙ্কিত না হয়ে সরাসরি আপনাদের নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটর বা এজেন্সির অফিসে চলে যান। সেখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যানের মাধ্যমে খুব সহজেই এই ই-কেওয়াইসি করিয়ে নিতে পারবেন। তাই আর দেরি না করে আজই এই কাজ সম্পন্ন করুন এবং নিশ্চিত করুন আপনার রান্নার গ্যাসের ভর্তুকি।