‘থাকবি না বলেই এসেই এই হাল!’ বিগ বসের ঘরে পা রেখেই কার সঙ্গে চরম সংঘাতে জীতু-ঘনিষ্ঠ প্রতিযোগী?

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’-য় শুরু হয়েছে চরম রাজনৈতিক ও মানসিক লড়াই। শো-তে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে সদ্য এন্ট্রি নিয়েছেন প্রাক্তন ‘স্প্লিটসভিলা’ প্রতিযোগী অনুষ্কা ঘোষ। এসেই তিনি যোগ দিয়েছেন দুর্নিবার সাহার দলে। আর এই দলবদল এবং রাজনীতির খেলা ঘিরেই অনীক ও রাজবীরদের সঙ্গে তাঁর শুরু হয়েছে ধুন্ধুমার বাকযুদ্ধ।

ঘটনার সূত্রপাত রাজনৈতিক টাস্কে জীতু কামালের ছাপ্পা ভোট দেওয়াকে কেন্দ্র করে। জীতুর এই কাজের ফলে হাতছাড়া হয়ে যায় এই সপ্তাহের লাক্সারি বাজেট। যদিও সকলে যখন এ নিয়ে কানাঘুষো করছেন, ঠিক তখনই অনুষ্কা সোজা গিয়ে মুখোমুখি হন রাজবীর দের। তিনি কড়া ভাষায় রাজবীরকে আক্রমণ করে বলেন, “তুই এরকম করলি? দেখার ইচ্ছে ছিল লাক্সারি বাজেট কীভাবে আসে।” এর জবাবে রাজবীর সোজাসাপ্টা জানিয়ে দেন, “পরের সপ্তাহে দেখে নিস। অবশ্য পরের সপ্তাহ অবধি থাকলে তো! তার আগেই বেরিয়ে যাবি।” অর্থাৎ স্পষ্ট ভাষায় রাজবীর বুঝিয়ে দেন এই সপ্তাহের এভিকশন এপিসোডেই ঘর থেকে বিদায় নিতে চলেছেন অনুষ্কা।

এই মন্তব্যে দমে যাওয়ার পাত্রী নন অনুষ্কাও। পাল্টা আক্রমণ শানিয়ে তিনি বলেন, “ও বাবা…. তুই বিগ বস? তুই অডিয়েন্স?” তখন রাজবীর কটাক্ষ করে বলেন, “বুঝছিস না, থাকবি না বলেই ওই নর্দমার মধ্যে গেছিস। সব বুঝবি কদিন পরে।” এরপর কথার প্যাচে রাজবীর তাঁকে নিজের দলে যোগ দেওয়ার খোলা অফারও দেন। অনুষ্কা সেই অফার গ্রহণ করে ‘ডিল’ পাকা করলেও অন্দরমহলের সমীকরণ কোন দিকে মোড় নেবে, সেটাই এখন দেখার বিষয়। উল্লেখ্য, চলতি সপ্তাহে গেম থেকে বাদ পড়েছেন সোহিনী পাল, আর নতুন ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন অনুষ্কা।