কোন শিরা কাটলে মৃত্যু নিশ্চিত? আগে থেকেই খোঁজ নিয়ে সাউথ পয়েন্টে সহপাঠীকে খুন করার ছক ছাত্রের!

কলকাতার প্রথম সারির নামী শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট স্কুলে ঘটে গেল এক রোমহর্ষক ও নৃশংস ঘটনা। ক্লাস চলাকালীন খোদ শিক্ষকের সামনেই নবম শ্রেণির এক ছাত্রের ওপর ধারালো অস্ত্র নিয়ে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠল সহপাঠীর বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে গোটা স্কুল চত্বরে এবং অভিভাবক মহলে চরম আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে।

স্কুল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে নবম শ্রেণির একটি ক্লাসে নিয়মিত পঠ্যপাঠন চলার সময় আচমকা এক ছাত্র পকেট থেকে হোমটাস্কের জন্য ব্যবহৃত একটি ধারালো ছুরি বের করে সরাসরি তার সহপাঠীর গলার ওপর চালিয়ে দেয়। চোখের পলকে ঘটে যাওয়া এই হামলায় জখম ছাত্রটির গলা থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয় এবং সে ক্লাসরুমেই লুটিয়ে পড়ে।

প্রাথমিক তদন্তে পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ জানতে পেরেছে, অত্যন্ত ঠান্ডা মাথায় এবং পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। কীভাবে ছুরি চালালে বা কোথায় আঘাত করলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, তা নিয়ে নাকি অভিযুক্ত ছাত্র আগে থেকেই ইন্টারনেট বা অন্য কোনো মাধ্যমে খোঁজখবর নিয়ে রেখেছিল।

হঠাৎ এমন রক্তার্ত কাণ্ডে শিক্ষক ও ক্লাসের অন্য শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে আহত ছাত্রকে প্রথমে স্কুলের নিজস্ব চিকিৎসাকেন্দ্রে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে এবং চিকিৎসকরা জানিয়েছেন যে তাঁর শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে।

অন্যদিকে, ঘটনার খবর পেয়ে দ্রুত গড়িহাছাট থানার পুলিশ সাউথ পয়েন্ট স্কুলে পৌঁছে শিক্ষক, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছে। একজন নাবালক ছাত্রের কাছে কীভাবে ওই ধারালো অস্ত্র এল এবং ঠিক কী কারণে সে তার সহপাঠীকে এভাবে আক্রমণ করল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্কুল চত্বরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।