ইউপিআই-এর লিমিট কি কেবল ১ লক্ষ টাকাই? হাসপাতাল, কলেজ বা ট্যাক্স দিতে কত টাকা পর্যন্ত পেমেন্ট করা যায় জানেন?

চা-কফির বিল থেকে শুরু করে অনলাইন শপিং—আজকের দিনে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি পদক্ষেপে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ইউপিআই (UPI) পেমেন্ট। অনেকেরই ধারণা, ইউপিআই-এর মাধ্যমে যেকোনো লেনদেনের সর্বোচ্চ সীমা বুঝি মাত্র ১ লক্ষ টাকা। কিন্তু আদতে সমস্ত ধরনের লেনদেনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। বিভিন্ন পরিষেবা এবং বিশেষ প্রয়োজন অনুযায়ী ইউপিআই লেনদেনের ঊর্ধ্বসীমা আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে। ফলে হাসপাতালে চিকিৎসার বিল মেটানো, কলেজের ফি দেওয়া কিংবা ট্যাক্স বা বিমার প্রিমিয়াম জমা দেওয়ার আগে টাকার সঠিক সীমা জেনে রাখা অত্যন্ত জরুরি।
কোন ক্ষেত্রে কত টাকা পর্যন্ত ইউপিআই পেমেন্ট করা সম্ভব?
সাধারণ লেনদেন: দৈনন্দিন কেনাকাটা, সাধারণ বিল পেমেন্ট বা অন্যান্য সাধারণ পরিষেবার ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত সীমা নির্ধারিত থাকে।
কর প্রদান (Tax Payment): আপনি যদি আয়কর বা অন্যান্য যোগ্য কর ইউপিআই-এর মাধ্যমে পরিশোধ করতে চান, তবে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করার সুবিধা পাবেন।
আইপিও ও বিনিয়োগ: আইপিও (IPO) আবেদন এবং আরবিআই-এর রিটেল ডিরেক্ট স্কিমের ক্ষেত্রেও ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যায়।
হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান: হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত খরচ বা বিল মেটানোর পাশাপাশি কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ফি জমা দেওয়ার ক্ষেত্রেও ৫ লক্ষ টাকা পর্যন্ত বর্ধিত সীমার সুবিধা মিলতে পারে।
বিমা পেমেন্ট: নির্দিষ্ট কিছু বিমা সংক্রান্ত পেমেন্টের ক্ষেত্রেও সাধারণ সীমার তুলনায় বেশি টাকা লেনদেন করার সুযোগ রয়েছে।
ইউপিআই লাইট ও ১২৩ পে-র সীমা:
স্মার্টফোন ছাড়া বা ইন্টারনেট ছাড়াই পেমেন্টের জন্য চালু হওয়া ‘ইউপিআই লাইট’-এ প্রতি লেনদেনে সর্বোচ্চ ১,০০০ টাকা এবং ওয়ালেটে ৫,০০০ টাকা পর্যন্ত ব্যালেন্স রাখা যায়। অন্যদিকে, ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য তৈরি ‘UPI 123Pay’-এর মাধ্যমে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করা সম্ভব।
বিশেষজ্ঞদের পরামর্শ, এনপিসিআই (NPCI)-এর নির্ধারিত সর্বোচ্চ সীমা থাকলেও অনেক সময় আপনার ব্যাঙ্ক বা ইউপিআই অ্যাপ সুরক্ষার কথা মাথায় রেখে নিজস্ব আলাদা লেনদেনের সীমা ধার্য করতে পারে। তাই বড় অংকের পেমেন্ট করার আগে ব্যাংকের নির্দিষ্ট গাইডলাইন জেনে নেওয়া সব সময়ই বুদ্ধিমানের কাজ।