ভুল করে বাড়িতে খোকা ইলিশ আনছেন? জেল-জরিমানা থেকে বাঁচতে এখনই জানুন প্রশাসনের কড়া নিয়ম!

আকারে ছোট বা পোনা ইলিশ মাছ (খোকা ইলিশ) কেনা কিংবা বিক্রির ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও অনেক সময় তা অমান্য করার প্রবণতা দেখা যায়। এবার এই বিষয়ে চরম কড়াকড়ি শুরু করল প্রশাসন। ছোট ইলিশের কেনাবেচা রুখতে ময়দানে নেমে পড়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (Enforcement Branch), যা ঘিরে ব্যবসায়ীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক শোরগোল।

শিলিগুড়ির বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান
সোমবার শিলিগুড়ির টাউন স্টেশন বাজারে আচমকাই অভিযান চালান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন তাঁরা। এসিপি-র নেতৃত্বে চলা এই অভিযানে ব্যবসায়ীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে, পোনা ইলিশ বা খোকা ইলিশ কেনাবেচা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। বাজারে ছোট আকারের ইলিশ মাছ যাতে কোনওভাবেই বিক্রি না করা হয়, সে বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়।

প্রশাসনের এই হঠাৎ পদক্ষেপে বাজারের ব্যবসায়ীদের একাংশের মধ্যে তীব্র চাঞ্চল্য ও কৌতূহল ছড়িয়ে পড়ে। আধিকারিকরা সাফ জানিয়ে দিয়েছেন, সরকারি বিধি বা নিয়ম অমান্য করে যদি কেউ পোনা ইলিশের ব্যবসা চালিয়ে যান, তবে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মোটা অঙ্কের আর্থিক জরিমানার মুখোমুখিও হতে হতে পারে।

কেন এই কড়াকড়ি?
মাছ ধরার নির্দিষ্ট নিয়ম এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা করার জন্যই ছোট ইলিশ ধরার ওপর এই নিষেধাজ্ঞা রয়েছে। অপরিপক্ব ইলিশ বাজারে বিক্রি হলে তা প্রজাতির ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র সতর্ক করেই ছেড়ে দেওয়া নয়, আগামী দিনে শহরের অন্যান্য বাজারগুলিতেও এই ধরনের নজরদারি ও অভিযান আরও কঠোরভাবে চালানো হবে। তাই আপনিও যদি বাজারে গিয়ে খোকা ইলিশ কেনার কথা ভেবে থাকেন, তবে এখনই সাবধান হোন!

Aditi Banik
  • Aditi Banik