CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি? জল্পনা তুঙ্গে উঠতেই মুখ খুললেন সিইও কাশী বিশ্বনাথন!

আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের (CSK) ২৫ শতাংশ মালিকানা নাকি দাবি করেছিলেন দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি—গত কয়েকদিন ধরে এই গুঞ্জনেই সরগরম ছিল সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ক্রীড়ামহল। গুঞ্জন রটেছিল যে, ধোনির এই বিশাল অঙ্কের শেয়ারের দাবি ম্যানেজমেন্ট নাকচ করে দেওয়ায় দুই পক্ষের মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। এমনকি ধোনি নাকি পরে তা কমিয়ে ১৮ শতাংশ করতে চাইলেও সিএসকে ম্যানেজমেন্ট নাকি মাত্র ৩ শতাংশ দিতে চেয়েছে! তবে এই সমস্ত চাঞ্চল্যকর জল্পনা ও ভুয়ো খবরকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে মুখ খুললেন খোদ চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন।

জল্পনা উড়িয়ে কী বললেন সিইও?
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে কাশী বিশ্বনাথন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ধোনির শেয়ার চাওয়া সংক্রান্ত সমস্ত খবর পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যে। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ‘ক্যাপ্টেন কুল’-এর কোনওরকম মনোমালিন্য বা বিরোধ তৈরি হয়নি। দলের অন্দরে সব কিছু সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলেই স্পষ্ট জানিয়েছেন তিনি।

আগামী মরসুমে কি খেলবেন ধোনি?
ধোনির চোটের সমস্যা এবং আগামী আইপিএল মরসুমে তাঁর খেলা না খেলা নিয়ে চলা জল্পনা নিয়েও মুখ খুলেছেন সিইও। কাশী বিশ্বনাথন যোগ করেছেন, “ধোনি এখনও অবসরের কথা ঘোষণা করেননি। পরের মরসুমে খেলবেন না, এমন কথাও আমাদের বলেননি।” সিইও-র এই বক্তব্যের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ধোনিভক্তরা। অনুরাগীদের আশা, আগামী আইপিএলেও হলুদ জার্সিয়েই ২২ গজে ঝড় তুলতে দেখা যাবে প্রিয় ‘থালা’কে।

Aditi Banik
  • Aditi Banik