সারাক্ষণ খারাপ লাগা আর দুশ্চিন্তায় মন ভারী? আজই ট্রাই করুন মনোবিদদের বাতলে দেওয়া এই সহজ টোটকাগুলি

সকালে ঘুম থেকে উঠেই অফিস, কাজ কিংবা ভবিষ্যতের নানা দুশ্চিন্তা—আজকের দিনে অতিরিক্ত চিন্তা বা ‘ওভারথিংকিং’ আমাদের দৈনন্দিন জীবনের এক অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। স্ট্রেস, কাজের চাপ এবং অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে এই সমস্যা এখন ঘরে ঘরে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত চিন্তা শুধু মানসিক শান্তিই কাড়ে না, পাশাপাশি এটি আমাদের ঘুম, হজমশক্তি এবং হার্টের স্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলে। তাই এই মানসিক চাপের জাল থেকে সময়মতো বেরিয়ে আসা অত্যন্ত জরুরি। জেনে নিন মনকে শান্ত করার ৫টি কার্যকরী ও সহজ উপায়।
১. ৫-৪-৩-২-১ গ্রাউন্ডিং টেকনিক
যখনই মনে হবে অযথা চিন্তা মাথায় চেপে বসছে, তখন এই টেকনিকটি ব্যবহার করুন। চারপাশের দিকে তাকিয়ে ৫টি জিনিস দেখুন, ৪টি জিনিস ছুঁয়ে অনুভব করুন, ৩টি শব্দ শুনুন, ২টি গন্ধ নিন এবং ১টি স্বাদ গ্রহণ করুন। এই পদ্ধতি আপনার বিক্ষিপ্ত মস্তিষ্ককে তৎক্ষণাৎ বর্তমানে ফিরিয়ে আনতে সাহায্য করে এবং চিন্তার স্রোত কেটে দেয়।
২. দুশ্চিন্তার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করুন
শুনতে অদ্ভুত লাগলেও এই পদ্ধতিটি অত্যন্ত কার্যকরী। দিনের একটা নির্দিষ্ট সময়ে ১৫ মিনিট ‘ওরি টাইম’ বা চিন্তার সময় ঠিক করে নিন। ওই ১৫ মিনিটই আপনি যা খুশি ভাববেন। কিন্তু বাকি সময় কোনও চিন্তা মাথায় এলে নিজেকে বলুন যে এটি নির্দিষ্ট সময়ে ভাববেন। এতে মস্তিষ্ক অযথা সারাদিন টেনশন করা থেকে বিরত থাকে।
৩. মনের কথা খাতায় লিখে ফেলুন (জার্নালিং)
মাথার মধ্যে দুশ্চিন্তা জমিয়ে না রেখে তা একটি খাতায় লিখে ফেলুন। কী নিয়ে আপনার ভয় করছে বা কী কারণে মন খারাপ, সব উজাড় করে লিখুন। মনোবিদদের মতে, মনের কথাগুলো কাগাজে নামিয়ে আনলে অনেক সময় সমস্যার পাহাড়টি চোখের নিমেষে ছোট বলে মনে হয়।
৪. শরীরকে ব্যস্ত রাখুন
খালি মনেই নানা ধরণের আবোলতাবোল চিন্তা বেশি ভিড় করে। তাই নিজেকে শারীরিক কার্যকলাপে ব্যস্ত রাখুন। নিয়ম করে ২০ মিনিট হাঁটাচলা করুন, হালকা যোগাসন বা ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন। শরীরচর্চার ফলে মস্তিষ্কে হ্যাপি হরমোন বা এন্ডোরফিন ক্ষরিত হয়, যা প্রাকৃতিকভাবেই মনকে শান্ত রাখে।
৫. ডিজিটাল ডিটক্স অভ্যাস করুন
আজকাল আমরা দিনের বেশিরভাগ সময়টাই স্মার্টফোনের স্ক্রিনে কাটিয়ে দিই। অন্যের জীবনযাত্রার সঙ্গে নিজের জীবন তুলনা করা থেকেই অনেক নেতিবাচক চিন্তার জন্ম হয়। তাই ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে এবং ঘুম থেকে উঠে প্রথম এক ঘণ্টা ফোন থেকে সম্পূর্ণ দূরে থাকুন। এই ছোট্ট বিরতি আপনার ক্লান্ত মস্তিষ্ককে একরাশ শান্তি দেবে।
বিশেষ দ্রষ্টব্য: মাঝেমাঝে দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক হলেও তা যদি আপনার দৈনন্দিন জীবনকে পুরোপুরি গ্রাস করে ফেলে, তবে অবশ্যই পেশাদার কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন।