২৬৭ জন যাত্রী নিয়ে সমুদ্রে উল্টে গেল বিলাসবহুল ভেসেল! ৭ জনের মর্মান্তিক মৃত্যুতে হাহাকার

উত্তর সাইপ্রাসের উপকূলে ২৬৭ জন যাত্রী বহনকারী একটি বিশাল ক্যাটামারান-ধাঁচের জাহাজ বা ফেরিডুবির ঘটনায় গোটা বিশ্বে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত সাতজন যাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, ১৭১ জনের বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৮৯ জন যাত্রী।

সিএনএন তুর্কের প্রতিবেদন অনুযায়ী, উত্তর সাইপ্রাসের প্রধানমন্ত্রী উনাল উস্তেল জানিয়েছেন যে কাইরেনিয়া বন্দর থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে উল্টে যায় জাহাজটি। দুর্ঘটনার সময় ক্রু ও যাত্রী মিলিয়ে মোট ২৬৭ জন আরোহী ওই জলযানে ছিলেন। ঘটনার আকস্মিকতায় মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তুর্কি টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনাগ্রস্ত ফেরিটি উল্টে জলে ভাসছে এবং তার ওপর লাইফ জ্যাকেট পরে দাঁড়িয়ে রয়েছেন আতঙ্কিত যাত্রীরা।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয় স্থানীয় প্রশাসন। তুর্কি সাইপ্রিয়ট পরিবহন মন্ত্রী এরহান আরিকলি জানিয়েছেন, আহতদের দ্রুত গিরনে বন্দরে ফিরিয়ে এনে স্থানীয় হাসপাতালগুলিতে ভর্তি করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে। উত্তর সাইপ্রাসের স্বাস্থ্য মন্ত্রকও সমস্ত হাসপাতালকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে। যদিও দুর্ঘটনার সময় আবহাওয়া সম্পূর্ণ অনুকূল ছিল, তবুও কীভাবে এই মারাত্মক বিপর্যয় ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নিখোঁজ যাত্রীদের খোঁজে সমুদ্রের বিশাল এলাক জুড়েই এখন উদ্ধারকারী দল ও কোস্ট গার্ডের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।