‘বিয়ে ভাঙার শাস্তি দিল এভাবে!’ প্রাক্তন বাগদত্তা ও তাঁর বোনের ওপর বর্বরোচিত অ্যাসিড হামলার রোমহর্ষক কাহিনী

মাদকাসক্ত হওয়ায় বিয়ে ভেঙে দিয়েছিলেন যুবতী। আর সেই আক্রোশেই প্রাক্তন বাগদত্তার বাড়িতে চড়াও হয়ে দুই বোনের ওপর বর্বরোচিত অ্যাসিড হামলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের হাপুর জেলার সিমভাওলি থানা এলাকায় ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে গুরুতর জখম অবস্থায় দুই যুবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঠিক কী ঘটেছিল সেদিন রাতে?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক হর্ষ ভাটির সঙ্গে আক্রান্ত ওই যুবতীর বিয়ের কথা পাকাপাকি হয়েছিল। কিন্তু পরবর্তীতে হর্ষ মাদকাসক্ত— এই খবর জানতে পেরেই বিয়ের সিদ্ধান্ত বাতিল করে দেন যুবতী। আর এই অপমান ও ক্ষোভই চরম রূপ নেয় শনিবার রাতে।

পরিকল্পনা মতো রাতে প্রাক্তন বাগদত্তার বাড়ির কলিং বেল বাজায় হর্ষ। দরজা খুলতেই যুবতীর মুখের ওপর অ্যাসিড ছুঁড়ে মারে সে। সেই সময় বাঁচাতে এগিয়ে এলে যুবতীর ছোট বোনকেও লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ে ওই লম্পট। দুই বোনের আর্তনাদ শুনে পরিবারের লোকজন ছুটে এসে দেখতে পান, দুই তরুণী মাটিতে ছটফট করছেন এবং তাঁদের শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে।

হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত
পরিবার ও স্থানীয় বাসিন্দারা সাহসিকতার পরিচয় দিয়ে পালানোর সময় হাতেনাতে ধরে ফেলেন অভিযুক্ত হর্ষ ভাটিকে। এরপর খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে এবং জখম দুই বোনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। হাপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তের পর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।