“আমি সন্ন্যাস নেব?” বয়স নিয়ে খোঁচা দিতেই হুংকার মমতার! চ্যালেঞ্জ ছুঁড়ে সাফ জানালেন, “আগে নিজে…”

যুব তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্যে সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাথিড্রাল রোডের এই সভা থেকে বিরোধী শিবিরকে রাজনৈতিক আক্রমণ করার পাশাপাশি নিজের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগেরও তীব্র কড়া ভাষায় জবাব দিয়েছেন তিনি।
“আমি সন্ন্যাস নেব?” বয়সের খোঁচায় কড়া জবাব মমতার
কয়েক দিন আগেই নবান্নের এক বৈঠকে মমতার বয়স হয়েছে এবং তাঁর কম কথা বলা উচিত বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সেই প্রসঙ্গ ধরেই তীব্র আক্রমণ শানান মমতা। তিনি সাফ জানান, রাজনৈতিক ও গণতান্ত্রিক উপায়ে প্রতিপক্ষকে শেষ না করা পর্যন্ত তিনি কোথাও যাচ্ছেন না। কটাক্ষের সুরে বলেন, “আমাকে পরামর্শ দিচ্ছেন? এত বড় সাহস? আমি সন্ন্যাস নেব? আগে নিজে সন্ন্যাস নিন, পরে আমার কথা বলবেন।” পাশাপাশি গেরুয়া রং নিয়েও বিরোধীদের একহাত নেন তিনি।
বই চুরির অভিযোগ নিয়ে চ্যালেঞ্জ মমতার
সম্প্রতি বিধানসভা থেকে বই না ফিরিয়ে নেওয়ার অভিযোগ তুলেছিলেন গ্রন্থাগারমন্ত্রী। এদিনের মঞ্চ থেকে সেই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বলছে আমি নাকি বই চুরি করেছি! সাহস থাকলে প্রমাণ দিতে হবে, তা না হলে নাক খত দিতে হবে। আমার এত দুঃসময় এখনও আসেনি যে আমাকে লাইব্রেরির বই চুরি করতে হবে।” উলটোদিকে ক্যামাক স্ট্রিটের ঘটনা নিয়ে শাসক শিবিরের নথি চুরির চেষ্টার পালটা অভিযোগও তোলেন তিনি।
পুলিশের ভূমিকা ও পুলিশের উদ্দেশ্যে বার্তা
এদিনের সভা থেকে পুলিশের ভূমিকা নিয়েও মুখ খোলেন একসময়ের পুলিশমন্ত্রী। তিনি বর্তমান পুলিশ প্রশাসনের একাংশের সমালোচনা করে বলেন, “যে পুলিশ অত্যাচার করছে তাদের বলব, আপনাদের পরিবার নেই? কোনো দিন এমন অত্যাচার হলে আটকাতে পারবেন তো? এবার থেকে পুলিশ অনুমতি না দিলে আদালতের চেয়ে জনগণের আদালতের ওপর ভরসা করব।” সবমিলিয়ে, প্রতিষ্ঠা দিবসের এই মঞ্চ থেকে আক্রমণ ও প্রতিআক্রমণে রাজ্য রাজনীতিতে ফের উত্তেজনার পারদ চড়েছে।