রাখিতে ঐতিহাসিক মেগা উদ্যোগ রাজ্য সরকারের! ২৫ লক্ষের বেশি রাখি নিয়ে কী বিরাট পরিকল্পনা?

রাখিবন্ধন উৎসব (Raksha Bandhan) উপলক্ষে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং জাতীয়তাবাদের বন্ধন আরও দৃঢ় করার বিশেষ বার্তা নিয়ে রাজ্যজুড়ে এক মেগা আয়োজন করেছে রাজ্য সরকার। সরকারি উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পালিত হচ্ছে এই উৎসব। আজ কলকাতার ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে রাজ্যস্তরের এক বিশেষ জমকালো অনুষ্ঠান। রাজ্য সরকারের পক্ষ থেকে গোটা রাজ্যে মোট ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি সরবরাহ করা হয়েছে এবং এই মহোৎসবের জন্য মোট ৮ কোটি ৯৭ লক্ষ ১৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত, ব্লক, মহকুমা, জেলা সদর থেকে শুরু করে পুরসভা—সর্বস্তরেই বিশেষ অনুষ্ঠানের রূপরেখা তৈরি করা হয়েছে।
আজ কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত রাজ্যস্তরের এই বিশেষ রাখিবন্ধন উৎসবে প্রায় ২,৫০০ জন শিক্ষার্থী অংশ নেবে বলে জানা গেছে। এছাড়া কলকাতা পুরনিগমের সমস্ত ১৪৪টি ওয়ার্ডেও থাকছে বিশেষ আয়োজন, যেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন, রাখিবন্ধন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে নজরুল মঞ্চের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য প্রায় ৫ হাজার তিরঙ্গা-ভাবনার বিশেষ রাখি প্রস্তুত রাখা হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল রাখিবন্ধনের পবিত্রতার মাধ্যমে সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং জাতীয় সংহতির শক্তিশালী বার্তা ছড়িয়ে দেওয়া।
অন্যদিকে, এই উৎসবের দিনেই যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যাদবপুর ৮ বি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশেষ কর্মসূচির জেরে আজ বিশ্ববিদ্যালয়ের একাধিক গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, রাজা এস সি মল্লিক রোডে বিশেষ কর্মসূচির কারণে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। আজ দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজা এস সি মল্লিক রোড বন্ধ থাকার নির্দেশ থাকায়, বিশ্ববিদ্যালয়ের ২, ৩, ৪ ও ৫ নম্বর গেট দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে ক্যাম্পাসে প্রবেশ ও যাতায়াতের জন্য শুধুমাত্র ১ নম্বর গেট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।