সিগারেট জ্বালাতে মানা, রাগের চোটে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড! বন্ধুর বাইকেই আগুন লাগাল ‘উন্মত্ত’ যুবক

ছত্তিশগড়ের রায়পুর থেকে এক শিউরে ওঠা ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে নেটিজেনদের চক্ষু চড়কগাছ। পেট্রোল পাম্পের মতো অতি সংবেদনশীল এলাকায় দাঁড়িয়ে স্রেফ সিগারেট জ্বালাতে বাধা দেওয়ায় নিজের বন্ধুর বাইকের ফুয়েল ট্যাঙ্কেই আগুন ধরিয়ে দিল এক যুবক। রায়পুরের বীরগাঁও এলাকার উরলা থানা সংলগ্ন একটি পেট্রোল পাম্পে ঘটে যাওয়া এই ঘটনার সিসিটিভি ফুটেজ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম ধর্মেন্দ্র ক্ষত্রিয় এবং ইমরান। ঘটনার দিন রাত প্রায় পৌনে আটটা নাগাদ তাঁরা বাইক নিয়ে বীরগাঁওয়ের ‘সঙ্গীতা ফুয়েলস’ নামক পাম্পে তেল ভরতে আসেন। ইমরান বাইকে বসে ছিলেন এবং ধর্মেন্দ্র পাশে দাঁড়িয়ে ছিলেন। বাইকে তেল ভরা চলাকালীনই পকেট থেকে সিগারেট বের করে লাইটার জ্বালানোর চেষ্টা করেন ধর্মেন্দ্র। পাম্পের কর্মীরা এবং খোদ ইমরান তাঁকে ওখানে ধূমপান করতে বারণ করেন এবং বাধা দেন। এই সামান্য বাধাতেই অগ্নিশর্মা হয়ে ওঠেন ধর্মেন্দ্র।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাগের মাথায় ধর্মেন্দ্র তাঁর হাতের লাইটারটি সোজাসুজি বাইকের খোলা তেলের ট্যাঙ্কের নজলের সামনে ধরেন। মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনের হলকা ধর্মেন্দ্রর গায়েও লাগে। আতঙ্কিত হয়ে ইমরান বাইক ফেলে পালানোর চেষ্টা করেন। তবে পাম্পের কর্মীর উপস্থিত বুদ্ধিতে এক বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে। তিনি দ্রুত তেলের নজলটি বের করে নিয়ে মেইন সুইচ বন্ধ করে দেন এবং অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর দুই বন্ধু পালানোর চেষ্টা করলে পাম্পকর্মীরা তাঁদের ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন। পুলিশ উভয়কে গ্রেপ্তার করেছে এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy