ওয়েবসাইট থেকে নাম উধাও, তবুও দিল্লিতেই থাকছেন গেটস! এআই সামিটে যোগ দেওয়া নিয়ে ধুন্ধুমার নাটক!

গত কয়েকদিন ধরে দিল্লির রাজপথে এবং বিশ্ব টেক মহলে একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল— ভারতের ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ কি আদৌ দেখা যাবে বিল গেটসকে? কুখ্যাত জেফরি এপস্টেইন ফাইলের নতুন নথিতে নাম জড়ানোর পর হঠাৎ করেই সম্মেলনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গেটসের নাম সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সমস্ত নাটকীয়তার অবসান ঘটিয়ে আজ বড় ঘোষণা করল ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। মঙ্গলবার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পূর্বনির্ধারিত সূচি মেনেই এই মেগা ইভেন্টে যোগ দেবেন এবং মূল বক্তব্য পেশ করবেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা।

বিতর্কের সূত্রপাত কেন? সাপ্তাহিক এই আন্তর্জাতিক সম্মেলনের মূল ‘গ্লোবাল ভিশনারিজ’ তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিল গেটসের নামও ছিল উজ্জ্বল। কিন্তু সোমবার আচমকাই দেখা যায় ওয়েবসাইট থেকে তাঁর নাম ও ছবি উধাও। এর নেপথ্যে উঠে আসে মার্কিন বিচার বিভাগ থেকে প্রকাশিত ‘এপস্টেইন ফাইলস’-এর নতুন তথ্য। ওই নথিতে গেটসের নাম থাকার অভিযোগে বিরোধী রাজনৈতিক দলগুলো তাঁকে আমন্ত্রণ জানানোর বিরোধিতা করে সরব হয়েছিল। এই বিতর্কের কারণেই সরকার তাঁর নাম ‘হোল্ড’ করে রেখেছিল বলে মনে করেছিল রাজনৈতিক মহল।

ফাউন্ডেশনের কড়া বার্তা: তবে জল্পনা বাড়তে থাকায় আসরে নামে গেটস ফাউন্ডেশন। তাদের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, “বিল গেটস এই সামিটে থাকছেন এবং নির্ধারিত সময়েই কি-নোট স্পিচ দেবেন। অযথা গুজব ছড়ানো হচ্ছে।” উল্লেখ্য, গেটস ইতিমধ্য়েই ভারতে এসে পৌঁছেছেন এবং অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে প্রযুক্তি ও স্বাস্থ্য বিষয়ে বৈঠক সেরেছেন।

সামিটে গেটসের ভূমিকা: দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এই সামিটে ১৯ ফেব্রুয়ারি বক্তব্য রাখার কথা গেটসের। তাঁর আলোচনার মূল বিষয়বস্তু হবে ‘এআই ফর সোশ্যাল গুড’ বা সামাজিক কল্য়াণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। স্যাম অল্টম্যান এবং সুন্দর পিচাইয়ের মতো ব্যক্তিত্বদের পাশাপাশি বিল গেটসের উপস্থিতি এই সম্মেলনকে অন্য মাত্রা দেবে। বিতর্কের ধোঁয়াশা কাটিয়ে গেটসের এই ‘কামব্যাক’ ২০২৬-এর এই টেক মেলায় সবথেকে বড় চমক হতে চলেছে।


शीर्षक (Hindi)

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy