ভারতীয় ক্রিকেটে কি বড় কোনো রদবদল হতে চলেছে? টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরকে নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। সূত্রের খবর, আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস (RR) থেকে একটি বড়সড় প্রস্তাব গিয়েছে গম্ভীরের কাছে। রাজস্থানের এক নতুন প্রভাবশালী স্টেকহোল্ডার গম্ভীরকে তাদের ক্রিকেটীয় মস্তিস্ক হিসেবে পেতে মরিয়া। এই ‘লোভনীয়’ অফার সামনে আসতেই প্রশ্ন উঠছে— তবে কি মাঝপথেই জাতীয় দলের দায়িত্ব ছাড়তে পারেন গৌতম গম্ভীর?
প্রস্তাবের নেপথ্যে কী? গম্ভীর যখন কেকেআর-এর মেন্টর ছিলেন, তখন তাঁর রণকৌশলেই কলকাতা শিরোপা জিতেছিল। সেই সাফল্যের গ্রাফ দেখেই রাজস্থান রয়্যালস তাঁকে তাদের ফ্র্যাঞ্চাইজির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতিনির্ধারক পদের প্রস্তাব দিয়েছে। জানা গিয়েছে, এই পদের আর্থিক অঙ্ক এবং ক্ষমতা— উভয়ই বর্তমান জাতীয় কোচের পদের চেয়ে বেশি আকর্ষণীয় হতে পারে।
বিসিসিআই ও গম্ভীরের অবস্থান: বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি একই সঙ্গে জাতীয় দল এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব সামলাতে পারেন না। ফলে গম্ভীর যদি রাজস্থানের প্রস্তাবে রাজি হন, তবে তাঁকে জাতীয় দলের কোচের পদ ছাড়তে হবে। যদিও গম্ভীরের ঘনিষ্ঠ মহলের দাবি, দেশের স্বার্থই তাঁর কাছে আগে। তবে আইপিএল-এর ব্যস্ততা এবং দীর্ঘ মেয়াদী কোচিংয়ের চাপ সামলানোর নিরিখে এই প্রস্তাবটি তিনি গুরুত্ব দিয়ে বিচার করতে পারেন।
গম্ভীর দায়িত্ব নেওয়ার পর টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এই অবস্থায় রাজস্থানের এই টোপ ভারতীয় ক্রিকেটে নতুন অস্থিরতা তৈরি করে কি না, সেটাই এখন দেখার। বিসিসিআই এখনই এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবে বোর্ডের অলিন্দে ফিসফাস শুরু হয়েছে।