পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে রবিবাসরীয় ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কাটোয়া-আজিমগঞ্জ লোকাল ট্রেনের একটি কামরায় হঠাৎ আগুন লেগে যাওয়ায় হুলস্থুল পড়ে যায় গোটা স্টেশন চত্বরে। ঘটনার জেরে আতঙ্কিত যাত্রীরা প্রাণ বাঁচাতে প্ল্যাটফর্মে দৌড়াদৌড়ি শুরু করেন। তবে ট্রেনের ভেতরে সেই মুহূর্তে কোনো যাত্রী না থাকায় বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।
রেল সূত্রে জানা গেছে, কাটোয়া-আজিমগঞ্জ লোকালটি শনিবার রাতেই ২ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল। রবিবার ভোর ৬টা ৫ মিনিটে ট্রেনটির আজিমগঞ্জের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু ভোর ৪টে ৩০ মিনিট নাগাদ স্টেশনে উপস্থিত যাত্রীরা হঠাৎ লক্ষ্য করেন, ট্রেনের একটি মাঝের কামরা থেকে দাউদাউ করে আগুনের শিখা বেরোচ্ছে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় প্ল্যাটফর্ম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ (GRP), আরপিএফ এবং দমকলের দুটি ইঞ্জিন।
প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। রেলকর্মীরা তড়িঘড়ি আক্রান্ত কামরাটিকে বাকি বগিগুলো থেকে বিচ্ছিন্ন করে দেন, যার ফলে আগুন বড় আকার ধারণ করতে পারেনি। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে নাশকতার কোনো ছক ছিল কি না, তাও খতিয়ে দেখছেন রেল আধিকারিকরা। ঘটনার জেরে সকালের দিকে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলেও বেলা বাড়তেই পরিষেবা স্বাভাবিক হয়েছে। ভস্মীভূত কামরাটিকে রেল কর্তৃপক্ষ ড্যাঞ্জার টেপ দিয়ে ঘিরে রেখেছে এবং পুরো ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।