ভোটার তালিকায় মহাপ্রলয়! পশ্চিমবঙ্গে শেষ হল SIR-এর শুনানি, বাদ পড়ছেন ৫৮ লক্ষেরও বেশি মানুষ?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে টানটান উত্তেজনা তুঙ্গে। রাজ্যে অবশেষে শেষ হল Special Intensive Revision (SIR)-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি পর্ব। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, এই বিশেষ সংশোধন প্রক্রিয়ায় এখনও পর্যন্ত রাজ্যের খসড়া তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন ভোটারের নাম বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে মৃত ভোটার ২৪.১৬ লক্ষ, স্থায়ীভাবে এলাকা ছেড়ে চলে গিয়েছেন এমন ভোটার ৩২.৬৫ লক্ষ এবং প্রায় ১.৩৮ লক্ষ দ্বৈত বা ভুয়ো ভোটার রয়েছেন।

শুনানি পর্বের শেষে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গেছে, প্রায় ৬.২৫ লক্ষ ভোটারকে বারবার নোটিস পাঠানো সত্ত্বেও তাঁরা শুনানিতে হাজির হননি। ফলে তাঁদের নামও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা প্রবল। এই বিপুল সংখ্যক নাম বাতিলের ঘটনায় রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে গেছে। শাসক দল একে ‘গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত’ বলে কটাক্ষ করেছে, অন্যদিকে বিরোধী শিবির অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার পক্ষে সওয়াল করেছে।

এই পরিস্থিতির প্রতিবাদে সরব হয়েছে একাধিক সামাজিক ও রাজনৈতিক সংগঠন। সম্প্রতি কলকাতার রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। বিক্ষোভকারীদের দাবি, SIR-এর নামে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে এবং এনআরসি-র (NRC) ছায়া দেখা যাচ্ছে এই প্রক্রিয়ায়। সুপ্রিম কোর্টের নির্দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে। এখন সবার নজর সেই চূড়ান্ত তালিকার দিকেই, যা নির্ধারণ করবে আগামীর ভোটের সমীকরণ।

Pratik Saha
  • Pratik Saha